‘ভোট ফর সুন্দরবন’ প্রচারণায় আসছেন মনীষা
‘ভোট ফর সুন্দরবন’ স্লোগান সামনে রেখে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড দ্বিতীয়বারের মতো প্রচারণায় নামছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে এক সুধী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএনএফপিএর বিশেষ দূত ও অভিনেত্রী মনীষা কৈরালা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী ও সাংসদ মমতাজ।শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট চারুশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুল হকের রেট্রোস্পেক্টিভ (১৯৭৫-২০১০) চিত্র প্রদর্শনী ও নেপালের রাজার ব্যক্তিগত আলোকচিত্রীদের বিভিন্ন সময়ে তোলা শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে ১৯ জানুয়ারি। প্রদর্শনী চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করবেন বলিউডের অভিনেত্রী ও ইউএনএফপিএর বিশেষ দূত মনীষা কৈরালা। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।