‘ভয়েস অব বাংলাদেশ’-এর নিবন্ধন জুলাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইন শুরু করতে যাচ্ছে রিয়েলেটি শো ‘ভয়েস অব বাংলাদেশ’। সামনের জুলাই মাসেই এ প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরের (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর) আগ্রহী প্রতিযোগীরা ভয়েস অব বাংলাদেশের জন্য নিবন্ধন করতে পারবেন। খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পুরো আয়োজন সম্পর্কে বিস্তারিত সবার সামনে তুলে ধরা হবে বলেও চ্যানেল নাইনের বরাতে জানা গেছে।ভয়েস অব বাংলাদেশ আয়োজনটি হবে বাংলাদেশে হয়ে যাওয়া যেকোনো রিয়েলেটি শোর চেয়ে ভিন্নধর্মী। এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে একজন পরিপূর্ণ তারকাশিল্পীকে। যিনি একই সঙ্গে গান গাওয়ার পাশাপাশি কিছু করতে বা বাজাতে জানেন। যার পরিবেশনা হবে নজরকাড়া। ভয়েস অব বাংলাদেশ অনুষ্ঠানটির পরিচালনা করবেন তানভীর খান। প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে তানভীর খান বলেন, ‘আমরা এর আগেও বিভিন্ন রিয়ালিটি শো থেকে অসংখ্য গায়ক-গায়িকা পেয়েছি ঠিকই। কিন্তু সেখান থেকে একজন পরিপূর্ণ শিল্পী বলতে যা বোঝায়, আমরা তা পাইনি। ভয়েস অব বাংলাদেশ প্রতিযোগিতাটির মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ তারকাশিল্পীদেরই উপহার দিতে চাই। সেভাবেই আমাদের সব কাজকর্মও চলছে।’ভয়েস অব বাংলাদেশ অনুষ্ঠানের বিচারকদের প্রসঙ্গে তানভীর খান বলেন, ভয়েস অব বাংলাদেশের চূড়ান্ত পর্বের বিচারকাজ পরিচালনার জন্য চার বিচারকের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে। তাঁরা হলেন—সংগীতশিল্পী রুনা লায়লা ও সুবীর নন্দী, অভিনেত্রী মৌসুমী এবং সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা। এ প্রতিযোগিতার উপস্থাপনায় থাকছেন আরেক সংগীতশিল্পী আঁখি আলমগীর।অনুষ্ঠানটির উপস্থাপনা প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেগুলো কিন্তু করেছি শখের বশে। তা-ও আবার টুকটাক, বিশেষ দিন উপলক্ষে। এবারে অনেক বড় দায়িত্ব। তাই আমিও কাজটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কাউকে অনুসরণ করতে চাইছি না, পুরো কাজটা করব নিজের মতো করে।’