'মঙ্গলবার কী বার টিচার' ও আমাদের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমানুষ নাটকে মিতা চৌধুরী ও মামুনুর রশীদ। ছবি: সাহাদাত পারভেজ
অমানুষ নাটকে মিতা চৌধুরী ও মামুনুর রশীদ। ছবি: সাহাদাত পারভেজ

নাটকটি প্রায় এক ঘণ্টার। চরিত্র মাত্র দুজন—স্বামী ও স্ত্রী। এক ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের মধ্যে আবার প্রায় মিনিট বিশেক স্বামী থাকেন নির্বাক, মানে নাটকের শুরু থেকে প্রায় কুড়ি মিনিট কোনো সংলাপ ছাড়াই অভিনয় করেন তিনি। এ সময় আমরা শুনতে পাই কেবল স্ত্রী অর্থাৎ মিতা চৌধুরীর সংলাপ। কিন্তু, বিস্ময়ের ব্যাপার হলো, স্বামীর কোনো সংলাপ নেই, তাতে কিছু আসে-যায় না; স্ত্রী সারাক্ষণ বকরবকর করছেন—এতেও বিরক্তির কিছু নেই। তবে এই দুইয়ে মিলে যে রসায়ন তৈরি হয়, সেটাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে আটকে রাখে, মুগ্ধ করে আমাদের। বলছি মামুনুর রশীদ নির্দেশিত বাংলা থিয়েটারের প্রযোজনা অমানুষ নাটকের কথা। সম্প্রতি মঞ্চস্থ হলো এ নাটকটি।
ড্রয়িংরুমের আদলে সাজানো হয়েছে মঞ্চ। বাঁ পাশে একটি টেবিল ও মোড়া, ডানে আরেক টেবিলে রয়েছে টেলিফোন ও ফুলদানি। গোটা নাটকই মূর্ত হলো একটি ঘরের ভেতরে। মামুনুর রশীদের লেখা নাটকের কাহিনিটি একটু আগের দিনের—১৯৯৫ সালের। আজকের দিনের মতো মুঠোফোন অতটা সুলভ নয় তখন। তাই এ নাটকে টেলিফোনই সই। আমরা দেখি, বিভিন্ন খবরাখবর পাওয়া যাচ্ছে টেলিফোনের মাধ্যমেই।
আগেই বলেছি, দুটি মাত্র চরিত্র স্বামী ও স্ত্রী—মামুনুর রশীদ ও মিতা চৌধুরী আছেন নাটকজুড়ে। তো, স্বামী চরিত্র রূপায়ণকারী মামুনুর রশীদ কেন কথা বলেন না নাটকের শুরুতে? প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় থাকতে হয় অনেকক্ষণ। বরং এ সময় মামুনুর রশীদের আঙ্গিক অভিনয় তৈরি করে দারুণ ঘোর। সেই ঘোরে রং চড়ায় মিতা চৌধুরীর সাবলীল অভিনয়। এভাবেই প্রথম থেকে আমরাও সেঁটে থাকি নাটকের সঙ্গে।
নাটকের কাহিনিতে আছে বেশ কয়েকটি অনুপস্থিত চরিত্র। দক্ষিণা স্যার, ছেলের প্রিন্সিপাল তাঁদের অন্যতম। আমাদের সামনে দৃশ্যমান চরিত্রগুলোর সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে এঁরাও সচল রাখেন নাটকের চাকা। সেটা এভাবে যে মামুনুর রশীদ পেশায় শিক্ষক। তিনি ভুলতে পারেন না তাঁর দক্ষিণা স্যারকে—তাঁর মতো হতে চান। কাহিনিতে একসময় জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর হাতে খুন হয়েছিলেন দক্ষিণা স্যার। তবে গোল বাধে তখন, দীর্ঘ সময় নীরব থাকার পর যখন মামুনুর রশীদ বলে ওঠেন যে দক্ষিণা স্যারের হত্যাকারী তিনিই।
দক্ষিণা স্যারের হত্যাকারী হিসেবে নিজেকে কীভাবে দাবি করেন মামুন? তার সূত্র খুঁজতেও কিছুটা অপেক্ষা করতে হয় আমাদের। জানতে পারি, ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো বেতনে শিক্ষকতা করতেন মামুন। একদিন এক শিক্ষার্থী তাঁকে জিগ্যেস করল, ‘মঙ্গলবার কী বার টিচার?’ মামুনের সমস্যার শুরু সে সময় থেকেই। তখন থেকে কিছুদিন নিশ্চুপ তিনি। তারপর বললেন, তিনিই দক্ষিণা স্যারের খুনি। হ্যাঁ, দক্ষিণা স্যারের আদর্শায়িত শিক্ষাব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ করেছেন তো মামুনের মতো শিক্ষিতজনেরাই। নাটকটির মাধ্যমে, ‘মঙ্গলবার কী বার টিচার’ বলার মাধ্যমে অমানুষ নাটকে একটি প্রতিবাদধ্বনি উঠে এল।
এ নাটকের সবকিছুতে ছিল বাস্তবতার ছোঁয়া, সেই সঙ্গে পরিমিতির স্পর্শ। অভিনয় প্রসঙ্গেও বলা যায় একই কথা। নাটকের রচয়িতা ও নির্দেশক মামুনুর রশীদের কৃতিত্ব হয়তো এখানেই। তাঁকে আরও বাড়তি কৃতিত্ব দিতে হবে এ জন্য যে তিনি আমাদের চিন্তা উসকে দেন, অমানুষ দেখার পর কেবলই ভারাক্রান্ত হই আমরা। মনে হয়, আমাদের নিকটজন কেউ কদিন পর কি জিগ্যেস করবে, ‘মঙ্গলবার কী বার টিচার’?