'মঞ্চে মেয়ের সঙ্গে অভিনয় করব'
কথোপকথন: চিত্রলেখা গুহ। মঞ্চ ও টিভির অভিনয়শিল্পী। কাজ করছেন চলচ্চিত্রেও। আজ আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক নোয়াশাল। মীর সাব্বিরের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিনি

‘নোয়াশাল’...
বরিশাল ও নোয়াখালী অঞ্চলের দুটি পরিবারের গল্প নিয়ে নাটক। ঝগড়া নয়, একধরনের খুনসুটির মধ্য দিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।
‘পিঞ্জর’...
বদরুল আনাম সৌদের পরিচালনায় এর আগে সীমান্ত, গহীনে, উপসংহার, লঙ্গরখানা ধারাবাহিকে অভিনয় করেছি। এখন অভিনয় করছি পিঞ্জর নাটকে। সৌদের লেখার ক্ষমতা আর নির্মাণের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করে। এখন নতুন কয়েকজন লেখক ও নির্মাতা এসেছেন, তাঁরা সত্যিই অনেক ভালো করছেন। শুধু দরকার একটু পৃষ্ঠপোষকতা।
আর যা করছি...
আরও কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এগুলোর মধ্যে আছে অলসপুর, চোরকাঁটা, কাম টু দ্য পয়েন্ট, চোখের বালি ও উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। এ ছাড়া কয়েকটি খণ্ডনাটকেও কাজ করেছি।
চলচ্চিত্রের অভিনয়...
সম্প্রতি করেছি আনিসুল হকের লেখা ও শাহ আলম কিরণের পরিচালনায় একাত্তরের মা জননী ছবির কাজ। এ ছাড়া রিকিয়া মাসুদো পরিচালিত দ্য স্টোরি অব সামারা ছবির কাজ করেছি।
আবার মঞ্চে...
১৯৯৭ সালে নাট্যজন প্রতিষ্ঠিত হয়। দলটির শুরু থেকে সব কটি প্রযোজনায় অভিনয় করেছি। গত দেড় বছর একটু বিরতি নিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষরক্ষা নাটকটির মধ্য দিয়ে আবার মঞ্চে ফিরছি। মঞ্চে এই নাটকে মেয়ের সঙ্গে আমি অভিনয় করব। আগামী মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যজনের এই নাটকটি।
চলচ্চিত্রের পোশাক পরিকল্পনা...
ভালোবাসা থেকে চলচ্চিত্রের পোশাক পরিকল্পনা করে থাকি। গত শতকের নব্বইয়ের দশকে শেখ নিয়ামত আলীর আমি নারী ছবিতে প্রথম পোশাক পরিকল্পনার কাজ করি। সর্বশেষ করেছি তানভীর মোকাম্মেলের জীবনঢুলীর পোশাক পরিকল্পনার কাজ।