‘মন পড়ে ছিল মিথিলার কাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহসান। সংগীতশিল্পী। অভিনয় করেন। উপস্থাপনাও করেছেন। এবার তিনি অংশ নিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিদিনের লাইফস্টাইল নিয়ে ‘হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্ট’ অনুষ্ঠানে। প্রচারিত হবে আজ মাছরাঙা টিভিতে।হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্ট...অনুষ্ঠানটির শুটিং হয়েছে আমি বাবা হওয়ার আগে। মিথিলাকে নিয়ে তখন খুব ব্যস্ত ছিলাম। সময় দিতে পারছিলাম না। তবু অনুষ্ঠানটি চারটি চ্যানেলে প্রচারিত হবে—এ ধারণাটা ভালো লেগেছিল বলে করা। কিন্তু আমি সাক্ষাৎকারটি একেবারেই মজা করে দিতে পারিনি। মন পড়ে ছিল মিথিলার কাছে।বাবা হওয়ার পর...এখন আমার রুটিনটাই বদলে গেছে। ঘুমকাতুরে ছিলাম। এখন সারা রাতই মেয়ের দেখাশোনা করতে হয়। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে মনে হয়, আরে, এই ছোট্ট মানুষটি কোথা থেকে এল! হা হা হা! ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে। অ্যাকোয়েস্টিক গিটার হাতে মেয়েকে টুংটাং গানও শোনাচ্ছি।গান শুনে মেয়ের প্রতিক্রিয়া...এখনো তো একেবারেই ছোট, প্রতিক্রিয়া সেভাবে বোঝা যায় না। তবে আমার কথা শুনলেই ও একদম চুপ হয়ে যায়!তাহসান অ্যান্ড সুফিজের খবর...চারটি গান রেকর্ডিং হয়েছে। আরও কিছু গান বাকি আছে। তবে অ্যালবাম প্রকাশ করার চিন্তা সেভাবে মাথায় নেই। মানুষ এখন আর অ্যালবাম কিনে গান শোনে না। আবার অনলাইনের মাধ্যমে মানুষের কাছে গানটি পৌঁছাতে হলেও দেখা যায় কিছু হাস্যরস কিংবা বিতর্ক সৃষ্টি করতে হয়। ‘গ্যাংনাম স্টাইল’ যেমন। এসব না করে কীভাবে শ্রোতার কাছে পৌঁছানো যায়, সেটাই ভাবছি।প্রথম যখন নাটকে অভিনয়ের প্রস্তাব পাই...প্রথম প্রস্তাবটি এসেছিল মিমি আপুর (আফসানা মিমি) কাছ থেকে। সে জন্য এখনো মনে মনে তাঁকে ধন্যবাদ জানাই। একরকম মজা করেই অভিনয়টা করেছিলাম। যখন পেছনে ফিরে তাকাই...পেছনে ফিরে তাকালে মনে হয় জীবনটা একটা উপহার। আমার বাবা-মা, পরিবার একটা উপহার। জীবনসঙ্গিনী একটা উপহার। আমার কন্যাসন্তানও একটা উপহার। এতগুলো উপহার দেওয়ার জন্য সব সময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। মো. সাইফুল্লাহ