শতাব্দী ওয়াদুদ। অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন মঞ্চ ও টেলিভিশনে। চলচ্চিত্রে অভিনয় করে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত শান্তি নিলয় নাটকটি।মঞ্চে অভিনীত যে চরিত্রটির সঙ্গে আমার মিল খুঁজে পাই...সার্কাস সার্কাস নাটকের আয়নাল মাস্টার চরিত্রটির সঙ্গে মিল পাই। সার্কাস দলের সবার প্রতিই তাঁর ভালোবাসা প্রবল। আবার শাসন করতেও ছাড়েন না। সর্বোপরি দলের মঙ্গল চান সব সময়। ‘জীবন ঢুলি’ ছবিতে আমি...মুক্তিযুদ্ধের ছবি এটি। এর আগে গেরিলা ছবিতে অভিনয় করেছি পাকিস্তানি সেনার ভূমিকায়। এই ছবিতে সম্পূর্ণ উল্টো—এক ঢোলবাদকের চরিত্রে অভিনয় করছি, নাম-ভূমিকায়। ছবির কাজ প্রায় শেষ। দারুণ অভিজ্ঞতা এক কথায়। ছবিসংশ্লিষ্ট সবার ভালো কিছু করার একাগ্রতা আমাকে অনুপ্রাণিত করেছে। পরিচালক তানভীর মোকাম্মেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দুর্দান্ত।‘গেরিলা’ ছবিতে পাকিস্তানি সেনা চরিত্রে অভিনয় করতে গিয়ে...মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি। সারা জীবন পাকিস্তানি সেনাদের অপছন্দ করেছি। তাই শুরুতে খুব চিন্তায় ছিলাম—কেমন করব না-করব! পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের গল্প শুনেছি। গল্প শুনে শুনে নিজেকে ঠিক তাঁদের বিপরীত জায়গায় দাঁড় করিয়েছি। একসময় চরিত্রটিকে ভালোবেসেও ফেলেছি। কারণ, চরিত্রকে ভালো না বাসলে ভালো অভিনয় অসম্ভব।আমার দেখা সেরা খলচরিত্র...ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবির হ্যান্স ল্যান্ডা আর ফিফটিন মিনিটসের এমিল স্লোভ্যাক চরিত্র দুটি আমার দেখা সেরা খলচরিত্র। হ্যান্স ল্যান্ডা চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস্টোফ ওয়ালটজ আর এমিল স্লোভ্যাক চরিত্রে ক্যারেল রোডেন। এই দুজনই ছবি দুটিকে টেনে নিয়ে গেছেন। অভিনয়জীবনের সেরা প্রাপ্তি...মঞ্চে অভিনয়ের ব্যাপারে বলব দর্শকের হাততালি। ছবিতে মানুষের ভালোবাসা আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন ক্ষুদ্র অভিনেতা হিসেবে এই প্রাপ্তি আমার কাছে অনেক বড় ব্যাপার।মন ভালো রাখতে যা করি...গান শুনি আর কার্টুন দেখি। এখন কার্টুন দেখার সঙ্গী হিসেবে পেয়েছি আমার এক বছর আট মাস বয়সী ছেলে শ্রেয়ান ওয়াদিকে।বারবার যেখানে যেতে চাই...গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে আর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে। খুব মিস করি জায়গা দুটিকে। সময় পেলেই ছুটে যাই এই দুই জায়গায়।যার আবদার ফেলতে পারি না...সবার আবদারই ফেলতে পারি। তবে ছেলে শ্রেয়ানের আবদার মনে হয় ফেলতে পারব না!সবচেয়ে বিস্মিত হই...মানুষ যখন অনেক ক্ষুদ্র ঘটনায় বাজেভাবে রি-অ্যাক্ট করে। দীর্ঘদিন পাশাপাশি থাকার পরও কেউ যখন এমন কিছু করে, তখন মনে হয় এত দিন পাশাপাশি থাকার কোনো মানে ছিল না। এখন যা করছি...এনটিভিতে শান্তি নিলয় নামে একটি নাটক করছি। আবুল হায়াতের লেখা, পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এ ছাড়া বুনোফুলের গান, একরাত্রি ও ডিটেকটিভসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। মাহফুজ রহমান