‘মনপুরা’র পর আবার মিলি
ফারহানা মিলির প্রথম ছবি ছিল মনপুরা। এবার তিনি অভিনয় করবেন সীমান্তের চড়ুইভাতি ছবিতে। গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে মিলি এই নতুন ছবিতে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। অনুভূতি জানাতে গিয়ে মিলি বলেন, ‘আমার প্রথম ছবির মুক্তির পর যে ধরনের ছবিতে কাজ করার জন্য এত দিন অপেক্ষা করেছি, সীমান্তের চড়ুইভাতি ঠিক তেমনি একটি।’ জানা গেছে, ছবির কাজ শুরু হবে কাল বৃহস্পতিবার। ছবির পরিচালক শিরীন পাশা জানান, শুরুতে মিরসরাইয়ের মিঠানলা গ্রামে কাজ হবে আড়াই সপ্তাহ। এরপর ছবির পুরো ইউনিট যাবে ভারতে। ওখানে দক্ষিণ মুম্বাইতে হবে ছবির বাকি কাজ। মিলি জানান, ছবিতে তিনি একজন মণিপুরি মেয়ের চরিত্রে অভিনয় করবেন। তাঁর চরিত্রটির নাম রাঙা।শিরীন পাশা জানান, সীমান্তের চড়ুইভাতি তাঁর চতুর্থ চলচ্চিত্র। এর আগে তিনি শ্রীলঙ্কা, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে বাংলাদেশে এবারই তিনি প্রথম কাজ করছেন। ছবির পুরো গল্প তৈরি হয়েছে রাঙা ও তার ঝিলকে ঘিরে। ঝিল একজন জনপ্রিয় লেখক। রেডিওতে ঝিল তার মাকে নিয়ে একটি গল্প বলে। যে গল্পের শুরু হয় নোয়াখালীর এক গ্রাম থেকে। সেই গ্রামের মেয়ে রাঙা। চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন তার। একসময় সাগর নামের এক ছেলের সঙ্গে প্রেম হয় রাঙার। এগিয়ে যায় ছবির কাহিনি। শিরীন পাশা জানান, পঞ্চাশ থেকে আশির দশকের মাঝামাঝি বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসবে ছবির গল্পে। ঝিল চরিত্রে নীলিমা প্রধান এবং সাগর চরিত্রে অভিনয় করবেন জাহাঙ্গীর-নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র সুমন সরকার।