‘মনপুরা’র পর ধারাবাহিক নাটক ‘বিশ্বাস’
‘এপ্রিল মাসের প্রচণ্ড গরম, তার মধ্যে গাজীপুরের উঁচু জঙ্গলে শুটিং, প্রচণ্ড দাবদাহ, বাতাস বন্ধ। দুই পাশে গজারির বন—সব মিলিয়ে আমাদের মরণদশা ছিল। কিন্তু যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হয়ে, দলগতভাবে কাজ করার কারণে পুরো পরিশ্রমটি সার্থক হয়েছে। আমরা সবাই অনেক আনন্দ নিয়ে কাজ করেছি।’ বললেন গিয়াসউদ্দিন সেলিম। বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস-এর গোড়ার দিকের পাণ্ডুলিপি রচনা এবং পরে পরিচালনা পর্ষদের একজন হিসেবে কাজ করেছেন তিনি। বৈজ্ঞানিক কল্পকাহিনি, গোয়েন্দা কাহিনি, রহস্য, অলৌকিকতার মিশ্রণ রয়েছে এই ধারাবাহিকে। নাটকটির ভাবনার ব্যাপারে এভাবেই জানালেন সেলিম। ২০০৫ সালে সংশয় এবং পরের বছর এনেছি সূর্যের হাসি নামের দুটি ধারাবাহিক তৈরি করেন সেলিম। তাঁর মোট ধারাবাহিকের সংখ্যা ৬। জানালেন, এর পরে মনপুরা ছবি নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আর কোনো ধারাবাহিক তৈরি করতে পারেননি। বিবিসির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সেলিম বলেন, ‘বিবিসির ব্যাপক লোকবল এবং দেশি-বিদেশি অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী ছিল। সব মিলিয়ে কাজটা উপভোগ করেছি। নাটকটির কিছু অংশের শুটিং হয়েছে লন্ডনে। আমরা যখন ওখানে কাজ করেছি, তখন ছিল খুবই সুন্দর আবহাওয়া। সব বিদেশি কলাকুশলীর মাঝে আমিই ছিলাম একমাত্র বাঙালি পরিচালক।’