'মনপ্রাণ উজাড় করে কাজ করেছি'
কথোপকথন: ফজলুর রহমান বাবু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মাগো তোমার জন্য। নাটকটিতে অভিনয় করেছেন তিনি

‘মাগো তোমার জন্য’...
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কাতারে কয়েকবার গিয়েছি। কিন্তু এবারই প্রথম নাটকের শুটিং করেছি। নাটকে আমার চরিত্রটি শ্রমিকদের তত্ত্বাবধায়কের। আজ (মঙ্গলবার) বনানীতে এই নাটকের দেশে ফেরার অংশের শুটিং করছি।
কাতারে শুটিংয়ের অভিজ্ঞতা...
অনেক দেশে শুটিং করেছি। কিন্তু কাতারের কাজটি একেবারেই অন্য রকম। এখানে আমরা সবাই মনপ্রাণ উজাড় করে কাজ করেছি। সাধারণত দেশের বাইরে শুটিংয়ের ক্ষেত্রে সব ধরনের আয়োজন সঠিকভাবে করা সম্ভব হয় না। কিন্তু মাগো তোমার জন্য নাটকের প্রতিটি দৃশ্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পেয়েছি। বলতে পারেন, মাহফুজ আহমেদ পুরো আয়োজন ভালোভাবেই করেছেন।
ঈদের কাজ...
ঈদের নাটকের শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে সালাহউদ্দিন লাভলুর রঙের মানুষ নামে ছয় পর্বের ধারাবাহিক আর সাজ্জাদ সুমনের একটি খণ্ড নাটকের কাজ করেছি। এ ছাড়া যে ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে, সেগুলোর কাজও করছি।
গানের খবর...
গানের বাজারের অবস্থা খুব একটা ভালো না। তাই অডিও অ্যালবামের গান করার কথা ভাবছি না। সম্প্রতি একটি নাটকের শিরোনাম গানে কণ্ঠ দিয়েছি।
বিদেশ ভ্রমণ...
মে মাসের মাঝামাঝি অস্ট্রেলিয়া যাচ্ছি। বেড়াতে নয়, সেখানে সিডনি ও ক্যানবেরাতে মঞ্চে এক ঘণ্টার একটি নাটক করব। সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।
চলচ্চিত্র...
মান্নান হীরার পরিচালনায় একাত্তরের খুদিরাম চলচ্চিত্রের কাজ করছি। কিছুদিনের মধ্যে ছবির পুরো শুটিং শেষ হবে। শুনেছি, আগামী বিজয় দিবসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।