'মনুষ্যবোধের ছবি' বিবেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবেক ছবির এ​কটি দৃশ্য
বিবেক ছবির এ​কটি দৃশ্য

সাইফ সুমন পরিচালিত বিবেক ছবিটি সরকারি অনুদানে তৈরি হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন হাসান শাহরিয়ার। ১৫ ফেব্রুয়ারি ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হলো জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। হলভর্তি দর্শক আর পিনপতন নীরবতায় দর্শক দেখেছে এক মানবিক গল্প।
ছবির শুরুতেই মূল চরিত্র ঘনশ্যামের (আজাদ আবুল কালাম) ঘুমমাখা চিন্তাযুক্ত মুখ বলে দেয় এই বাড়িতে একটা কিছু ঘটতে যাচ্ছে। তার স্ত্রী পাশের চৌকিতে শুয়ে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। ঘনশ্যাম ছেলেকে ডেকে তুলে ডাক্তারকে নিয়ে আসতে বলে। ছেলে বলে ডাক্তারের আগের পাওনা দেওয়া হয়নি, ডাক্তার আসবে? বাবা ছেলেকে জানায়, শিগগিরই সব টাকা পরিশোধ করা হবে—এই বলে ডাক্তারকে নিয়ে আসতে। এই দুটো সংলাপে পরিবারটির অর্থনৈতিক অবস্থা নির্দেশক বুঝিয়ে দিয়েছেন।
রাতে ঘুম থেকে ওঠার ফলে বিরক্ত মুখে ডাক্তার জানিয়ে দেয় টাকা ছাড়া সে যাবে না রোগী দেখতে, তা রাতেই হোক আর দিনেই হোক।
মৃত্যুপথযাত্রী পরিবারের কর্ত্রীকে শয্যায় রেখে ছেলে আর বাবার অর্থ সংগ্রহের অভিযান শুরু হয়। ঘনশ্যাম ধীরে ধীরে অমানবিক হয়ে ওঠে। ঘনশ্যাম তার জমিদার বন্ধু অশ্বিনীর (মোহাম্মদ বারী) কাছে টাকা ধার চাইতে যায়। এই বন্ধু তাকে সহযোগিতা করে, কিন্তু কটূক্তি করতে ছাড়ে না। এই বাড়িতে টেবিলের ওপর একটা ঘড়ি। সেটা চুরি করে ঘনশ্যাম। এ সময় ঘনশ্যামের অভিনয় এত বেশি হৃদয়গ্রাহী ছিল যে দর্শক হিসেবে ছবির মাঝে নিজেকে তার জায়গায় দাঁড় করিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা সবাই এই কাজ করতাম? দর্শকের সঙ্গে এমনই মিথস্ক্রিয়া নির্দেশক করতে পেরেছেন তাঁর প্রথম ছবিতে।
ছবিতে পেশাজীবী ডাক্তারদের চরিত্র নির্মাণে নির্দেশক এই সমাজের মনস্তাত্ত্বিক জায়গাটা নিয়ে খেলেছেন। জমিদার বন্ধুর ঘড়ি চুরি ও আরেক বন্ধুর টাকার থলে পেয়েও না দেওয়া এবং আবার মানসিক যন্ত্রণায় এগুলো ফিরিয়ে দেওয়ার যে পরিকল্পনা ঘনশ্যাম করেছে, তা নির্দেশক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে ঘনশ্যামের মতো হতদরিদ্রের হাতে মখমলের টাকার থলে হয়তো বেমানান।
ঘনশ্যামের স্ত্রী (এনাম তারা সাকী) কোনো কথা না বলেই অনেক কথা বলেছে। তার অসুখটা যেন এ দেশকে ইঙ্গিত করে রূপক অর্থে। একটি দেশ সুস্থতার জন্য কাতরাচ্ছে, আর দেশের কিছু মানুষ তাকে নিয়ে নানাভাবে খেলছে। এই ব্যাপারটি দারুণ।
সাচি চৌধুরীর ফটোগ্রাফি ছবির ভাষা জানান দেয়। তবে লেন্সিংয়ে আরও সতর্ক হতে হবে। দরিদ্র ঘরটিকে অনেক বেশি নাটকীয় আর বড় মনে হয়েছে। দেখতে দৃষ্টিনন্দন হলেও বাস্তবতার নিরিখে একটু বেমানান লাগে।
ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। মনে হলো আলোর মাধ্যমে সময়টাকে সঠিকভাবে ধরা যায়নি।
বিবেক ছবিতে ফিল্মের ভাষা, গতি, আয়োজন, সংলাপ, অভিনয় ছিল পরতে পরতে। ৪০ মিনিটের এই ছবিতে নির্দেশক সহজ ও সাবলীলভাবে মানবিক এক গল্প নিয়ে মালা গেঁথেছেন।
লেখক: অভিনেতা ও নির্দেশক, বটতলা