একান্ত সাক্ষাত্কারে শিল্পী শ্রীকান্ত আচার্য
'মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গায়কিরও পরিবর্তন হয়'

কড়কড়ে রোদ তাঁর একেবারেই পছন্দ নয়। সূর্যের তীব্র আলোর মুখোমুখি দাঁড়িয়ে ছবি তোলার ফাঁকে তিনি এমনটাই জানালেন। ছবি তোলা-পর্বের আগে তাঁর সঙ্গে আরও নানান বিষয়ে কথা হয়। বললেন তাঁর ভালো লাগা-মন্দ লাগা নিয়ে। এ যেন এক অন্য শ্রীকান্ত আচার্য। আধুনিক ও রবীন্দ্রসংগীতের জনপ্রিয় এই ভারতীয় শিল্পী যেন প্রায় সোয়া এক ঘণ্টা কথার ঝাঁপি মেলে ধরলেন।
বেঙ্গল ফাউন্ডেশনের আমন্ত্রণে সংস্কৃতি উত্সবে যোগ দেওয়ার উদ্দেশে শ্রীকান্ত আচার্য গত মাসে প্রথমবারের মতো সিলেট সফর করে গিয়েছেন। সেখানেই একটি পাঁচতারকা হোটেলে প্রথম আলোর মুখোমুখি হন তিনি। বাংলা গানের বিবর্তন, লোকগানের উত্থান, ষাটের দশক থেকে শুরু করে সাম্প্রতিক বাংলা গানের হালচাল—কিছুই বাদ পড়েনি তাঁর কথায়। এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতীয় শিল্পী কবীর সুমন সম্পর্কেও। কথা প্রসঙ্গেই জানালেন, এ বছরের মাঝামাঝি তিনি তাঁর নতুন কিছু গান অনলাইনে মুক্তি দেবেন। এসব গানের মধ্যে চার থেকে পাঁচটা রবীন্দ্রসংগীত এবং বাকি তিনটা একেবারেই নতুন লেখা গান।
রবীন্দ্রনাথের যেসব গান তিনি অনলাইনে মুক্তি দেবেন সেগুলো প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘আগে যেভাবে রবীন্দ্রনাথের গান গেয়েছি, ঠিক সেভাবে নয়। এর চেয়ে একটু ভিন্ন ধাঁচের, একটু অন্য রকম হবে এই গানগুলো। খুব মাপজোক করে গাইব না। নিজের ভালো লাগার জন্য যেভাবে রবীন্দ্রনাথের গান গাই, সেভাবেই গাইব। হয়তো যন্ত্রানুষঙ্গ খুব একটা থাকবে না, হয়তো একটা গিটার থাকবে, হয়তো একটা ভায়োলিন থাকবে, হয়তো একটি পিয়ানো থাকবে। তবে গানগুলো একেবারেই অন্য ধাঁচের হবে।’
পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকের শুরুর দিকের কিছু আধুনিক গান প্রসঙ্গে শ্রীকান্তের ভাষ্য, ‘তখন অনেক গান ছিল, যেগুলো খুব সুন্দর হলেও জনপ্রিয় হয়নি। তবে গান সুন্দর হওয়ার সঙ্গে জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই। একটা গান জনপ্রিয় হয়, আরেকটা হয় না—এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আমি যখন যে গান রেকর্ড করেছি, তখন সেই গানটি কিন্তু কিছুটা হলেও জনপ্রিয় হয়েছে। সে গানগুলোর ভেতরে এমন কোনো শক্তি ছিল যে এতগুলো বছর পেরিয়ে এসেও সেসব গান মানুষের ভালো লাগছে। গানগুলো আমি আমার মতো গাইবার চেষ্টা করেছিলাম। যে সমস্ত প্রথিতযশা শিল্পী এ গানগুলো গেয়েছিলেন, তাঁরা একেকজন নমস্য। আমি তাঁদের অনুকরণ করতে যাইনি। সেটি করতে যাওয়াটা বোকামি হতো। একটা রবীন্দ্রনাথের গান তো অনেক শিল্পীর হতে পারে, আমিও অনুরূপভাবে আধুনিক গানগুলোকে আমার জায়গা থেকে অ্যাপ্রোচ করেছিলাম। সেটা মানুষের ভালো লেগেছে, এটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার।’
কথা প্রসঙ্গেই শ্রীকান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বললেন, ‘রবীন্দ্রনাথ সময়ের চেয়ে ১০০ বছর এগিয়ে ছিলেন। আমি সেই আধুনিকতাটাকে কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করছি এবং এই মডার্নিজমটাকে আমি আমার নিজের গানের ভেতরে অথবা অন্যান্য গানের ক্ষেত্রেও ধরার চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের গান শোনার রুচিও পাল্টায়। এই পাল্টে যাওয়া রুচি, মানুষের পাল্টে যাওয়া ভাবনা, আমাদের আর্থসামাজিক অবস্থা, সবকিছুরই প্রভাব কিন্তু সংগীতের ওপর পড়বে।’
শ্রীকান্ত আরও বলেন, ‘রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রজনীকান্ত, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল—এঁরা প্রত্যেকে নিজেদের গান নিজেরা লিখেছেন, সুর করেছেন এবং এঁদের প্রত্যেকের আইডেন্টিটি আলাদা। কিন্তু এই আধুনিক বাংলা গান বলে যে ধারাটি এল, তাতে কিন্তু আমরা দেখলাম যে একজন গান লিখেছেন, একজন সুর করেছেন এবং গাইছেন আরেকজন। এভাবে যুগে যুগে ধরনের বদল হয়। আর সুমনদা (কবীর সুমন) তো এমন একটা নিজের ভঙ্গিতে গানটাকে পরিবেশন করলেন, যঁারা একটু মননশীল শ্রোতা, যঁারা একটু অনুভবী, মরমি শ্রোতা, তাদের মনে হলো এই গানটা একই সঙ্গে নিখাদ বাংলা গান এবং একই সঙ্গে ওয়ার্ল্ড মিউজিকের ইনফ্লুয়েন্স পাচ্ছি। অর্থাৎ এটি ভীষণভাবে আঞ্চলিক এবং আন্তদেশীয়, অদ্ভুত একটা অনুভূতি। সুমনদা নিজের পরিবেশনা দিয়েও নিজের গানটাকে সাংঘাতিক লিফট দিয়েছিলেন। স্টেজে দাঁড়িয়ে শুধু একটা গিটার কিংবা একটা কি-বোর্ড নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে মোহিত করে রাখছেন, এর জন্য কিন্তু সাংঘাতিক সম্মোহনী শক্তির প্রয়োজন। এককথায় সুমনদা বাংলা গানের নতুন মোড় দিলেন।’
সাম্প্রতিক সময়ে বাংলা লোকগানের যে উত্থান সেটিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন শ্রীকান্ত আচার্য। তিনি বলেন, ‘লোকগানের চর্চাটা একসময় খুব ছোট একটি জায়গার ভেতরে সীমাবদ্ধ ছিল। সেটাকে কয়েকজন খুব সফলতার সঙ্গে মূলধারায় এনে ফেলেছেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গায়ই লোকসংগীতের নানা ঘরানার গান আছে এবং বিপুল ঐশ্বর্য সেটা। এই সময়ে মানুষ লোকগানকে দারুণভাবে গ্রহণ করেছে। মানুষ তো নিজের দেশের সম্পদকে ভুলতে বসেছিল, এখন নতুনভাবে যদি এই লোকগান ছড়িয়ে পড়ে, সেটা তো বাংলা গানের বিকাশের জন্যও মঙ্গলজনক। মানুষ যদি লালনের গান, রাধারমণের গান, শাহ আবদুল করিমের গান গ্রহণ করে, তাতে ক্ষতি কী? দেশীয় গানগুলোই তো তাতে প্রচার পেল।’
স্টেজে গান গাওয়া অনেক বেশি কঠিন জানিয়ে শ্রীকান্ত বলেন, ‘স্টেজে পরিস্থিতি বুঝে, মানুষের মন বুঝে গান পরিবেশন করতে হয়। শ্রোতারা আনন্দ পাবার জন্য আসেন, তাঁদের আনন্দ দেওয়া, তৃপ্ত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এককথায় গান গেয়ে আমি যে আনন্দ পাচ্ছি, সেটা যেন শ্রোতারাও ভাগ করে নিতে পারেন, সে দায়িত্বটা কিন্তু আমার মধ্যেই পড়ে। শ্রোতা ও শিল্পীর মন ভাবনা-চিন্তায় এক হয়ে যেতে হবে। শিল্পীকে নিজের তরফে সব সময় সৎ থাকতে হবে, এই জায়গায় ফাঁকি হবে না।’
কথা বললেন আধুনিক প্রযুক্তির সুবাদে গান মুক্তি দিতে গিয়ে শিল্পীদের নানান সংকটের ব্যাপারেও। শ্রীকান্ত বলেন, ‘শিল্পীদের এখন নিত্যনতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে হচ্ছে। এখন অনেকেই ইউটিউবে নতুন গান আপলোড করে মুক্তি দিচ্ছেন। প্রযুক্তি মানুষকে যে স্রোতে নিয়ে যাচ্ছে, একজন শিল্পীকেও সেই স্রোতে যেতেই হবে। প্রযুক্তি উপেক্ষা করে এগোনো সম্ভব না। প্রযুক্তির এই যুগে শিল্পীকে ভাবতে হবে, তিনি কীভাবে তাঁর শিল্পীসত্তাকে বাঁচাবেন।’