‘মনের মানুষ’-এ গাইলেন বাউল লতিফ শাহ
একুশে পদকপ্রাপ্ত বাউল খোদা বকশ শাহের সন্তান হিসেবেই এত দিন তাঁকে চিনত সবাই। বাউলিয়ানার মধ্য দিয়েই বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে একটি শক্ত অবস্থানও গড়ে নিয়েছেন ভক্তদের মধ্যে। এখন দেশের বাইরেও খ্যাতি ছড়িয়ে পড়েছে তাঁর। তিনি বাউল আবদুল লতিফ শাহ। বাউল সাধক লালন শাহ্র জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মাণ মনের মানুষ ছবির প্রধান গায়ক।ভারতের গুণী পরিচালক গৌতম ঘোষ মনের মানুষ ছবিতে লালন চরিত্রে সব কটি গানের জন্য নির্বাচন করেছেন বাউল আবদুল লতিফ শাহকে। পর্দায় লালন রূপদানকারী প্রসেনজিতের ঠোঁটে যে গানগুলো থাকবে সেগুলোর কণ্ঠশিল্পী আমাদের এই বাউল লতিফ শাহ।সংগীতপ্রধান কোনো ছবিতে একজন জনপ্রিয় নায়কের জন্য নির্বাচিত সব কটি গানে একক কণ্ঠ দেওয়ার ঘটনা নিঃসন্দেহে উল্লেখ করার মতো। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে শিল্পী আবদুল লতিফ শাহের বাড়ির পাশে তাঁর বাবা মরহুম খোদা বকশ শাহের সমাধি চত্বরের কামিনীতলায় বসে সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। যে কামিনীতলায় বসেই সাত থেকে আট বছর বয়সে খোদা বকশ শাহের অনুপ্রেরণায় বাউল গানে হাতেখড়ি হয়েছিল আবদুল লতিফ শাহের। ২৪ বছর বয়সে ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি গান গেয়ে আসছেন। এর পাশাপাশি বেসরকারি একাধিক টিভি চ্যানেলেও তিনি গান পরিবেশন করে থাকেন। ডাক পেলেই ছুটে যান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিরহংকার এই বাউল। মনের মানুষ ছবিতে গান গাওয়ার সুযোগ ও অভিজ্ঞতা নিয়ে বলেন তিনি।প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনের উৎসাহ ও সহযোগিতায় মনের মানুষ ছবিতে গান করার সুযোগ মেলে আবদুল লতিফ শাহের। তিনি বলেন, ‘বাবার শিষ্য হওয়ার কারণে ফরিদা পারভীনের সঙ্গে দীর্ঘদিনের একটি পারিবারিক সম্পর্ক ছিল। গত বছরের অক্টোবরের শেষ দিকে ফরিদা আপা জরুরি কাজের কথা বলে ঢাকায় ডেকে পাঠান। তখন পরিচয় করিয়ে দেন গৌতম ঘোষের সঙ্গে। ফরিদা আপার কথামতো ওই দিন গৌতম ঘোষকে তিনটি গান শোনাই, যার দুটি লালনগীতি ও একটি বাবা খোদা বকশ শাহের লেখা গান। গান শুনে তাত্ক্ষণিক সন্তোষ প্রকাশ করেন গৌতম ঘোষ। তখনো জানি না আমাকে চলচ্চিত্রে গান করতে হবে। ধারণ করা গান নিয়ে গৌতম ঘোষ কলকাতায় ফিরে যান। ওই সময় ফরিদা আপা আমাকে জানান চলচ্চিত্রে গান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে। সে হিসেবে দ্রুত পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করা হয়।’এরপর বাড়ি ফিরে যান লতিফ শাহ। ৪ নভেম্বর আবার ঢাকায় আসেন। ‘পরদিন ফরিদা আপার সঙ্গে কলকাতার উদ্দেশে চারজন ঢাকা ত্যাগ করি। অপর দুই সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট বংশীবাদক গাজি আবদুল হাকিম ও ছবির বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান। কলকাতায় পৌঁছে রোজভ্যালি ফাইভ স্টার হোটেলে অবস্থান করি। ৫ নভেম্বর ছবির সংগীত পরিচালকের উপস্থিতিতে পরিচালক গৌতম ঘোষের গড়িয়াহাটের বাসায় গানের মহড়া হয়। ৬ নভেম্বর কলকাতার এইচএমভি স্টুুডিওতে গানের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়। প্রথম গানের কথা ছিল, “যেখানে সাঁইর বারামখানা, যেখানে সাঁইর বারামখানা, শুনিলে প্রাণ চমকে ওঠে—দেখতে যেমন ভুজঙ্গনা...”। মনের মানুষ ছবির লালন চরিত্রের জন্য এটিসহ মোট ১৫টি গান সম্পূর্ণ এবং আটটি গানের আংশিক গাইতে হয়।’ ভারতীয় কণ্ঠশিল্পী উপালীর সঙ্গে দুটি গান ছাড়া বাকি সব কটি লতিফ শাহের একক কণ্ঠে।কলকাতার অভিজ্ঞতা প্রসঙ্গে আবদুল লতিফ শাহ আরও জানান, কলকাতায় প্রথম গানটির রেকর্ড শোনার পর নায়ক প্রসেনজিত্ মুগ্ধ হয়ে তাঁকে আবেগে জড়িয়ে ধরেন। এরপর জানতে চেয়ে বলেছিলেন, ‘সাঁইজি, আমি কি পারব?’ শিল্পী বাউল আবদুল লতিফ শাহ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ফরিদা পারভীন প্রথম আলোকে বলেন, ‘প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ যখন লালনের চরিত্রের জন্য কণ্ঠশিল্পী নির্বাচন করতে বলেন, সে সময় দেশের বেশ কজন লালনগীতিশিল্পী ও বাউলের নাম মনে হলেও কোথায় যেন সমস্যা থেকেই যাচ্ছিল। কিন্তু লতিফ শাহের গায়কি নির্বাচনের ক্ষেত্রে প্রধান সহায়ক হয়। তা ছাড়া লতিফ শাহের বাবা খোদা বকশ শাহ আমার শিক্ষাগুরু। বর্তমানে অনেকেই লালনগীতি ও বাউলগানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও কথা ও সুরের বেলায় আদি স্বাদ পাওয়া যায় না। এসব বিবেচনায় আবদুল লতিফ শাহ ব্যতিক্রম। মনের মানুষ ছবির জন্য গান ধারণের পর পরিচালক, প্রযোজক, নায়ক সবাইকে দেখেছি লতিফ শাহের প্রশংসা করতে। আমার বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে কণ্ঠশিল্পী হিসেবে লতিফ শাহের আন্তর্জাতিক পরিচিতি ঘটবে এবং তা ইতিবাচক হিসেবেই। বাংলাদেশের জন্য বয়ে আনবে আন্তর্জাতিক সম্মান।’