‘মনের মানুষ’ ছবির বৈঠকি প্রদর্শনীতে প্রসেনজিৎ
গতকাল স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘মনের মানুষ’ ছবির বৈঠকি প্রদর্শনী। এতে যোগ দিতে ছবিটি মুক্তির দুই দিন পর ৫ ডিসেম্বর ঢাকায় এসেছেন মনের মানুষে লালন চরিত্রের অভিনেতা পশ্চিমবঙ্গের মেগাস্টার প্রসেনজিৎ। তাঁর সঙ্গে এসেছিলেন ছবির পরিচালক গৌতম ঘোষ, পোশাক ডিজাইনার নিলঞ্জনা ঘোষ, প্রযোজক গৌতম কুণ্ড প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক ফরিদুর রেজা সাগর, হাবিবুর রহমান খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী প্রমুখ। ফরিদুর রেজা সাগর তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সবার মনে মনের মানুষ রয়েছে। কিন্তু এ মুহূর্তে আমি নিশ্চিত যাঁরা এসেছেন মনের মানুষ দেখতে এসেছেন। তাঁরা মনের মানুষের টানে এসেছেন।’ তিনি আরও বলেন, ছবিটি মুক্তির আগের দিন ভারতের ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। যার অর্থমূল্য এক লাখ ডলার। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ।গৌতম ঘোষ বলেন, ‘ছবিটি মুক্তির পর দুই বাংলায় সর্বশ্রেণীর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।’ ’৫২ সালের পর এই প্রথম দুই বাংলায় একই দিনে মুক্তি পেয়েছে মনের মানুষ চলচ্চিত্রটি। ছবির বিষয় লালন জীবনী নয়। লালন। লালন একটি দর্শন এবং লালন বাঙালির সত্তা।লালন চরিত্রে অভিনয় করা প্রসেনজিৎ বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। মনের মানুষ এবং লালন নিয়ে বেশি কিছু বলব না। আমার কাছে মনের মানুষের লালন চরিত্রটি করা একটা আশীর্বাদের মতো। চেষ্টা করেছি ভালোভাবে করার। গৌতম দা থেকে শুরু করে সবার সহযোগিতা পেয়েছি। গৌতম দা এর আগে “পদ্মা নদীর মাঝি” করেছেন। প্রায় বহু বছর পর মনের মানুষ করলেন। এ ব্যাপারটিই আমার ভালো লাগছে।’প্রসেনজিৎ আরও বলেন, ‘আসলে আমরা সবাই চাইব বাংলা ভাষার ছবিকে বিশ্ব দরবারে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে। তার জন্য মনের মানুষের মতো একটা ছবি দরকার। গৌতম দা সেটা বরাবরই চেষ্টা করে যাচ্ছেন। আমি চাই গৌতম ঘোষের মনের মানুষ এমন একটা ছবি হোক, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে।’ সব শেষে তিনি ভালো ছবি দেখার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান।প্রসেনজিতের বক্তব্যের পরই ফরিদুর রেজা সাগর ছবির কলাকুশলীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি সবার হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন। তারপরই শুরু হয় মনের মানুষের বৈঠকি প্রদর্শনী। এতে ছবির কলাকুশলীসহ দুই বাংলার অনেকেই উপস্থিত ছিলেন।