‘মনের মানুষ’ ছবির বৈঠকি প্রদর্শনীতে প্রসেনজিৎ ও গৌতম ঘোষ
মনের মানুষ ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে শুক্রবার। রোববার ঢাকায় এলেন এই ছবির অন্যতম অভিনয়শিল্পী প্রসেনজিৎ। তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক গৌতম ঘোষ, পোশাক ডিজাইনার নীলঞ্জনা ঘোষ প্রমুখ। এই শিল্পীদের সম্মানে রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির বৈঠকি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হাবিবুর রহমান খান, অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, তাথৈ প্রমুখ। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর ছবির শিল্পী ও কলাকুশলীদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি সবার হাতে একটি শুভেচ্ছা-স্মারক তুলে দেন। প্রসেনজিৎ বললেন, ‘লালন চরিত্রটি আমার কাছে আশীর্বাদ। আমরা চাই বাংলা ভাষার ছবিকে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিতে। এর জন্য মনের মানুষ-এর মতো ছবির খুব প্রয়োজন।’ ফরিদুর রেজা সাগর বললেন, ‘আমাদের সবার মনে মনের মানুষ রয়েছে। ছবিটি মুক্তির আগের দিন ভারতের ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এর অর্থমূল্য এক লাখ ডলার। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার।’ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ। তিনি বললেন, ‘দুই বাংলার দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অনেক বছর পর দুই বাংলায় একই দিনে একটি ছবি মুক্তি পেয়েছে। ছবির বিষয় লালনের জীবনী নয়, লালন। লালন একটি দর্শন এবং লালন বাঙালির সত্তা।’বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।