নন্দনমঞ্চের চারপাশে দর্শকদের হাতে মোমবাতি। কোনো এক কোণে মোমবাতিতে আগুনের শিখা। সে আগুন ছড়িয়ে গেল সারা নন্দনমঞ্চের মোমের সলতেয়। একাত্তরে গণহত্যার শিকার যাঁরা, তাঁদের স্মরণে ঐক্যবদ্ধভাবে আলোক প্রজ্বালন করলেন তাঁরা। শব্দযন্ত্রে করুণ সুরে তখন বাজছিল মুনিরুজ্জামানের বাঁশি, বড় পর্দায় দেখানো হচ্ছিল বিশ্বের ভয়াবহ সব গণহত্যার ছবি। অন্ধকারে জ্বলন্ত মোমবাতি হাতে ছবিগুলো দেখছিলেন চুকনগরের সুন্দরী বালাও। তাতে গণহত্যায় তাঁর পিতা-মাতা হারানোর যন্ত্রণা খানিকটা কমেছিল কি না, জানা যায়নি।
গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চের উন্মুক্ত প্রাঙ্গণে পালন করা হয় গণহত্যার শিকারদের স্মরণ ও তাঁদের মর্যাদা দেওয়ার আন্তর্জাতিক দিবস। গণহত্যা প্রতিরোধে প্রথমবারের মতো পালিত হলো আন্তর্জাতিক এই দিবস। চলতি বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় ৯ ডিসেম্বর এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের সব কটি বধ্যভূমিতে একই সময়ে আলোক প্রজ্বালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
শিল্পকলার উন্মুক্ত নন্দনমঞ্চে একাত্তরের গণহত্যায় বাবা-মা হারানো জীবনের বেদনার কথা জানালেন সুন্দরী বালা। বললেন, ‘গণহত্যার দেশের মানুষ আমি। পিতা-মাতা কী জিনিস, জানি না। শুধু গল্প শুনিসি যে, মরা মায়ের বুকের ওপরে পইড়ে ছিলাম। আমারে উদ্ধার কইরে নিয়ে পালিসে (পেলেছে) একজন। যারা আমার পিতা-মাতারে হত্যা করিসে, তাদের বিচার চাই। আমার জীবনের ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।’ ১৯৭১ সালের ডিসেম্বরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে প্রায় ১০ হাজার মানুষ হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা। এটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব থেকে বড় গণহত্যা।
গণহত্যার শিকারদের স্মরণ ও মর্যাদা দান এবং গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মফিদুল হক এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।