'মরীচিকা'য় মিম

রেদওয়ান রনির প্রথম ছবি চোরাবালি পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এবার রনি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। তাঁর নতুন ছবির নাম মরীচিকা। এখন ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করার কাজ হচ্ছে। এরই মধ্যে তাহসানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। এবার চূড়ান্ত হলো ছবির নায়িকা। গতকাল সোমবার রনি জানান, তাঁর এই ছবিতে অভিনয় করবেন মিম। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান পিংপং এন্টারটেইনমেন্টের সঙ্গে মিমের আলোচনা চূড়ান্ত হয়েছে।
এই ছবিতে তাহসানের সঙ্গে অভিনয় করবেন মিম। রনি বলেন, ‘মরীচিকায় মিম খুব শান্ত মেয়ে। নম্র, ভদ্র। বউ হিসেবে অনেক ছেলেই এমন একটি মেয়েকে প্রত্যাশা করে। আশা করছি, দর্শক পর্দায় এবার নতুন মিমকে দেখতে পাবে। মরীচিকায় আরও একটি জুটি অভিনয় করবেন। তাঁরা দুজনই নতুন শিল্পী।’
মিম বলেন, ‘গল্পটি খুব মজার। শুনেই পছন্দ হয়েছে।’
মিম সম্প্রতি তাহসানের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। ইমরাউল রাফাতের এই নাটকের নাম ওল্ড ইজ গোল্ড। আর পরিচালক রেদওয়ান রনির সঙ্গে মিম কাজ করেছেন কিক অফ টেলিছবিতে।
মিম জানান, ৬ জুন থেকে তিনি কাজ করবেন তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবিতে। এরপর কাজ করবেন ড্রিমগার্ল ছবিতে। এই ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি।