'মহাকাল ব্যান্ড ভেঙে গেছে'
ক থো প ক থ ন: স্বাগতা। চ্যানেল নাইনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ধন্যি মেয়ে। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। কথা হলো স্বাগতার সঙ্গে

‘ধন্যি মেয়ে’...
শিক্ষিত জাতির জন্য শিক্ষিত নারী সমাজ চাই। এ জন্য প্রয়োজন পুরুষের সহযোগিতা। ধন্যি মেয়ে নাটকের মাধ্যমে তা-ই তুলে ধরা হয়েছে। নাটকে আমিই ধন্যি মেয়ে।
‘এলেবেলে’...
এলেবেলে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় তৈরি হচ্ছে। এর আগে ময়মনসিংহের আঞ্চলিক ভাষার আরেকটি নাটকে অভিনয় করেছি। নাম রুমালি। এলেবেলে নাটকের শুটিং স্পটে এসে প্রথম কাজ হলো জোরে জোরে সংলাপ পড়া। সবাইকেই এই কাজটি করতে হয়। দেখলে মনে হবে, পরীক্ষার আগে সবাই পড়া নিয়ে ব্যস্ত।
এখন যা করছি...
এখন ধারাবাহিক নাটকের শুটিং করছি। এগুলোর মধ্যে রয়েছে বদরুল আনাম সৌদের পিঞ্জর, গৌতম কৈরির অপূর্বা, সৈয়দ আওলাদের কেবলই স্বপন করেছি বপন।
মহাকাল ব্যান্ড...
মাস দুয়েক হলো মহাকাল ব্যান্ড ভেঙে গেছে। কয়েক মাস ধরে ব্যান্ডের সদস্যদের মধ্যে নানা বিষয় নিয়ে ঠিক বনিবনা হচ্ছিল না। আমি এখন এককভাবে গান করার পরিকল্পনা করেছি। সন্ধি আর সভ্যতাও তা-ই ভাবছে। মহাকালের বয়স ১০। এই সময়ে মহাকালের একটি অ্যালবাম বেরিয়েছে। এ ছাড়া চারটি মিশ্র অ্যালবামে গান গেয়েছে মহাকাল।
উপস্থাপনা...
সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে বরাবরই ভালো লাগে। এনটিভিতে ‘মিউজিক ভাইবস’ উপস্থাপনা করছি। আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো এই অনুষ্ঠানে অংশ নেয়।