‘মহাজনের নাও’ উৎসব
মাত্র দুই মাসেই নাটকটির সাতটি প্রদর্শনী শেষ হয়েছে। এর মধ্যে গত মাসে চাঁদপুরের বর্ণচোরা নাট্যোৎসবে যোগ দিয়ে দর্শক মাতিয়েছে নাটকটি। এবার নতুন এই প্রযোজনা মহাজনের নাও নিয়ে টানা মঞ্চায়ন করবে সুবচন নাট্যসংসদ। দলসূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রথম মঞ্চায়ন হবে। এরপর ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির তিনটি প্রদর্শনী হবে। নাটকটি সুবচন নাট্যসংসদের ৩৩তম প্রযোজনা। টানা প্রদর্শনী প্রসঙ্গে সুবচন নাট্যসংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘রোজার মধ্যে আমরা নাটকটি মঞ্চায়ন করতে পারিনি এবং তা পুষিয়ে নেওয়ার জন্য নতুন নাটক হিসেবে আমরা মহাজনের নাও-এর বেশি বেশি প্রদর্শনী করতে চাই। এ জন্য দলের চলতি অন্য প্রযোজনাগুলো সেভাবে এখন করছি না।’ তিনি আরও বলেন, ‘এই চার দিনের প্রদর্শনী শেষ হলে এবং নাটমণ্ডলে দর্শকের সাড়া পেলে এখন থেকে পরীক্ষণ থিয়েটার হলে একটি এবং নাটমণ্ডলে দুটি করে মোট তিনটি প্রদর্শনী প্রতি মাসে করব। কেননা, পরীক্ষণ থিয়েটার হলে মাসে এক দিনের বেশি বরাদ্দ পাওয়া যায় না।’মহাজনের নাও নাটকটি বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনকাহিনি নিয়ে মঞ্চে এসেছে। এটি মূলত গীতল নাটক। এখানে শাহ আবদুল করিমের বিখ্যাত ২১টি গান রয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন আহাম্মদ গিয়াস, রূপা নাসরিন, আনসার আলী, আসাদুল ইসলাম আসাদ, লিঠু রানী বিশ্বাস, লীনা, সোহেল খান, সোহাগ, ইমরান, সালাউদ্দিন, বাবুল, তানজির প্রমুখ। মহাজনের নাও নাটকটি লিখেছেন শাকুর মজিদ আর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এ বছরের ১৮ জুলাই জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধন হয়।