'মহাত্মা' নিয়ে ভারত গেল ইউনিভার্সেল থিয়েটার

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী নাট্য ভাবনার আমন্ত্রণে ‘মহাত্মা’ নিয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে ভারত গেল ইউনিভার্সেল থিয়েটার। গতকাল শুক্রবার দলটি ভারত পৌঁছায়। দলের প্রধান সমন্বয়কারী আজিজুল পারভেজ প্রথম আলোকে জানান, সপ্তাহব্যাপী আয়োজিত এই উৎসবে আরও অংশ নেবে কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় নাট্যদল। কল্যাণীর ঋত্বিক সদনে ৬ ডিসেম্বর নাটকটি মঞ্চস্থ হবে।
নাটকটির কাহিনি ইতিহাসনির্ভর। উপমহাদেশের রাজনৈতিক ঘূর্ণাবর্তে জটিল ক্রমধারায় ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে দাঙ্গা বেঁধেছিল। ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যকে বিনষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্য ছিল এর পেছনে। সুবিধাবাদী ও ধর্মান্ধরা সামরিক আক্রমণের কায়দায় সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে।

সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করে। পেট্রল ছড়িয়ে আগুন লাগায় গ্রামের পর গ্রাম। ব্যাপক লুট, নরহত্যা, নারী হরণ, নারী নির্যাতন করা হয়। সাধারণ মানুষের একমাত্র ভরসা মহাত্মা গান্ধীর কাছে যখন এ সংবাদ পৌঁছায়, তখন তিনি অসহায় মানুষের চিন্তায় অস্থির হয়ে ওঠেন। মাত্র দু’জন সঙ্গী নিয়ে অসুস্থ শরীরেই রওনা হন নোয়াখালী উদ্দেশে। গান্ধী সাম্প্রদায়িক হিংসার ঘোর অন্ধকারের মধ্যে অহিংসার আলোর সন্ধানে নামলেন। গান্ধীজির অহিংস পৃথিবীর অনন্ত যাত্রায় কোথায় আজ আমাদের অবস্থান? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশের রূপক ঘটনার ভেতর দিয়ে লেখা নাটক ‘মহাত্মা’।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, শওকত মনসুর, আবুল হোসেন খোকন, মাজহারুল হক, সুমী ইসলাম, দীন ইসলাম, আবদুল ওয়াদুদ প্রমুখ। রচনা ও নির্দেশনায় মাজহারুল হক।