‘মহানায়ক’ সম্মাননা পেলেন মিঠুন চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্প্রতি ‘মহানায়ক’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত বর্ষীয়ান বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী।কলকাতায় অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে গুরুত্বপূর্ণ সম্মাননাটি তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন কয়েকজন প্রখ্যাত মঞ্চ এবং চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্প্রতি সম্মাননা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মিঠুন চক্রবর্তীসহ এ সম্মাননা পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি এক খবরে এ তথ্য প্রকাশ করেছে টিওআই।১৯৫০ সালের ১৬ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। বাবা-মা তাঁর নাম রেখেছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী সময়ে তিনি নাম পালটে হয়ে যান মিঠুন চক্রবর্তী। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকেও স্নাতক ডিগ্রি অর্জন করেন মিঠুন। মৃণাল সেন পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘মৃগয়া’র মাধ্যমে ১৯৭৬ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিঠুনের। প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এ পর্যন্ত অন্তত সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন গুণী এ অভিনেতা। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিসকো ড্যান্সার’ ছবিটি মিঠুনকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে। নাচে বিশেষ পারদর্শীতার জন্য সুপরিচিত মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আন্ধি-তুফান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘কমান্ডো’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’, ‘পেয়ার কা দেবতা’, ‘চিতা’, ‘জাস্টিস চৌধুরি’, ‘চালবাজ’, ‘গুরু’, ‘এক নদীর গল্প’, ‘নোবেল চোর’, ‘আমি সুভাষ বলছি’, ‘বীর’, ‘গোলমাল ৩’ এবং ‘হাউজফুল ২’। কাজের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আইফা, ফিল্মফেয়ার, স্টার স্ক্রিন, স্টারডাস্ট, আনন্দলোক এবং বেঙ্গল ফিল্ম জার্নালিষ্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার জিতেছেন ৬২ বছর বয়সী এ অভিনেতা।