‘মা, তোমাকে ভালোবাসি’ কখনো মুখে বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চন্দ্রমগ্ন। এটি রচনা করেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। কথা হলো বিপাশা হায়াতের সঙ্গে।আজ তো মা দিবস। আজকের দিনটিতে কী করবেন?আগে কিন্তু এসব দিন নিয়ে ভাবতাম না। পাঁচ-ছয় বছর ধরে এই দিনগুলোর কথা জানতে পারছি। মাকে তো সবাই ভালোবাসি। কিন্তু ‘মা, তোমাকে ভালোবাসি’—এ কথাটি কখনো মুখে বলা হয় না। এখন প্রযুক্তি হাতের মুঠোয় চলে এসেছে। তাই মুঠোফোনের খুদে বার্তার মধ্য দিয়ে মাকে এই কথাটি জানাতে পারছি। আজ এই কাজটা সকালেই করব।আর আপনার ছেলে কী করবে?ছেলেও এখন আমার জন্য স্কুল থেকে কার্ড বানিয়ে নিয়ে আসে। একদিকে আমি, সন্তান; আবার অন্যদিকে মা—ব্যাপারটি দারুণ উপভোগ করছি।আপনার লেখা একটি নতুন ধারাবাহিক শুরু হলো—‘চন্দ্রমগ্ন’। টিভিতে দেখার পর কেমন লাগছে?দেখে মনে হয়, নাটকের সৌজন্যে বিজ্ঞাপন যাচ্ছে। এই সমস্যা তো আছেই। নাটক দেখে মাঝেমধ্যে নিজের কাছেই খুব অবাক লাগে, আমার লেখাগুলোকে তৌকীর কত চমৎকারভাবে পর্দায় জীবন্ত করে তুলছে। নাটক কিন্তু একটা শিল্প। তৌকীরের কাজের মধ্যে সেটা পাই। এই ধারাবাহিকের তিনটা পর্ব দেখে ওকে বলেছি, মনে হচ্ছে নাটক দেখছি। আসলে নাটকে শিল্পরস থাকতে হবে। লেখা, পরিচালনা, অভিনয়—সবকিছু মিলিয়ে পুরো ব্যাপারটি বিশ্বাসযোগ্য হওয়াই বড় কথা।এর আগে আপনার লেখা ‘শঙ্খবাস’, ‘জ্যোৎস্নাকাল’ ও ‘জলপরি’ এবং ইদানীং ‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিক দেখে মনে হয়েছে, আপনি মেয়েদের সমস্যাকেই নাটকে বেশি গুরুত্ব দেন।চন্দ্রমগ্ন লেখার আগে ভেবেছিলাম, এবার বিরহ ও প্রেমের নাটক লিখব। কিন্তু লিখতে বসে তা হয়ে গেল বেদনাবিধূর। দেখুন, আমার মনে হয়, মেয়েরা কচুরিপানার মতো ভেসে চলে। কিন্তু সেটা কেন হবে? একজন মেয়ের তো আলাদা একটা পরিচয়ও আছে। সেটা কেন ভেবে দেখি না। জলপরি নাটকে বাবা মেয়েকে পরি বলে ডাকে। আমার মেয়েকেও কিন্তু তৌকীর পরি বলেই ডাকে। সব মেয়েই তাদের বাবার কাছে পরি। এই ব্যাপারটি কেন একজন মেয়ে সারা জীবন ভোগ করতে পারে না? আমি লেখার মধ্য দিয়ে সেসবই তুলে ধরি।‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকের গল্পটি সামনে কী রকম হবে?আমি বলব, ধারাবাহিকটি সবাই টিভিতে দেখুন। অনেক গল্প মিলে নাটকটি। শুধু মেয়ে নয়, পুরুষের অনেক কষ্টও এখানে বলতে চেয়েছি। শুরু থেকে দেখলে দর্শক সহজেই পুরো ব্যাপারটি বুঝতে পারবে।