
সোহেল আরমান। অভিনয়শিল্পী, গীতিকার। পরিচালনা করছেন নাটক ও চলচ্চিত্র। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে তাঁর পরিচালিত ও অভিনীত ধারাবাহিক নাটক কৃষ্ণকলি।
অভিনয় থেকে কাছে-দূরে...
প্রায় সাড়ে তিন বছর ধরে এই তো প্রেম ছবিটি তৈরি করলাম। ফলে এই সময়টায় অভিনয় থেকে দূরে ছিলাম। আমি চাইনি অভিনয়ের কারণে পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটুক। তবে অভিনয় প্রচণ্ড মিস করেছি। ছবির কাজ প্রায় শেষ। তাই এখন আবার অভিনয়ে ফিরলাম। পরিচালনা করছি কৃষ্ণকলি নামের একটি ধারাবাহিক। এই নাটকে অভিনয় করছি বাবা আমজাদ হোসেনের সঙ্গে। এখন থেকে আবার অভিনয়ে নিয়মিত হব আশা করি।
বাবার ছায়ায়...
অবশ্যই আমার মধ্যে বাবার ছায়া আছে। তাঁর ছায়াতেই বেড়ে উঠছি। তাঁর মনস্তত্ত্ব আমি জানি। এ কারণে নিজেকে ভাগ্যবান মানি। তবে রাজার ছেলে কিন্তু রাজা হয় তখনই, যখন রাজার ছেলের যথেষ্ট যোগ্যতা থাকে। আমি যদি সোহেল আরমান হতে পারি, সেটাই হবে আমার সার্থকতা।
গানের কথা...
শেষ গান লিখলাম দুই দিন আগে, পড়শীর জন্য। তার আগে লিখেছি দেহরক্ষী ছবির জন্য। আমার নতুন ছবির জন্য লেখা ‘আমি তোমার মনের ভেতর’ গানটি তো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর ব্যান্ডের গানের কথা লিখছি অনিয়মিতভাবে। আর্কের হাসান আমার সহপাঠী। ওর জন্য গান লিখেছি একসময় নিয়মিত। সেই সূত্রে আশিকুজ্জামান টুলু ও পঞ্চমের সঙ্গে কাজ করেছি। এ ছাড়া আইয়ুব বাচ্চুর জন্যও গান লিখেছি। তবে ব্যান্ডের গানে আমি এখন অনিয়মিত।
বাবার অভিনয়, না লেখা—যেটা বেশি পছন্দ...
সবকিছুই। বাবা যেভাবে বসে চিন্তা করেন, সেটাও আমার পছন্দ।
বাবা আমার যে গুণের ভক্ত...
বাবা আমাকে লিখতে বলেন। তিনি চান, আমি যেন উপন্যাস লিখি। ১৯৯৩ সালে বিটিভিতে আমার লেখা প্রথম নাটক প্রচারিত হয়েছিল। নাম ছিল সবুজের হলুদ ব্যাধি। সেই নাটকটি উপন্যাসে রূপ দেওয়ার ইচ্ছা আছে।
মায়ের চোখে আমরা দুজন...
মা বলেন, তুমি তো আমজাদ হোসেন হতে পারবে না, কিংবা তোমার বাবাও হতে পারবেন না সোহেল আরমান। তাই তোমরা তোমাদের স্বকীয়তা নিয়ে এগিয়ে যাও। মা আমাদের দুজনের মাঝে রেফারি। বাবার সঙ্গে তর্ক বাধলে মা মাঝখানে রেফারির দায়িত্ব পালন করেন। আর মা-বাবা দুজনই আমার সব কাজের জন্য অনুপ্রেরণা।
মাহফুজরহমান