'মা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভা। অভিনয় করছেন লোটা কম্বল নাটকে। প্রচারিত হবে আজ গাজী টিভিতে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন তিনি

নোভা
নোভা

‘লোটা কম্বল’ নাটকে আমি...
সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাসের পুরোটা পড়া হয়নি। এখন কাজ করতে করতে পড়ছি। আমি অভিনয় করছি ‘মায়া’ চরিত্রে। ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ। কয়েকটি দৃশ্যের কাজ করেছি। মাত্র তো শুরু হলো। যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেই ফোনে প্রশংসা করেছেন।

বিরতির পর...
মা হওয়ার আগের সময়টাতে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলাম। একসময় এমনটাও ভেবেছিলাম, আর হয়তো ফেরা হবে না। কিন্তু পারিনি। বুঝতে পারলাম, অভিনয়ের নেশা আমাকে পেয়ে বসেছে।

সান্নিধ্যের সান্নিধ্য...
আমার ছেলে রাফাজ রায়হান সান্নিধ্য। ওর বয়স ছয় মাস হলো। প্রতিদিন ওর কাছ থেকে নতুন কিছু শিখছি। এখন দেখি ও নিজে নিজে বসতে শিখেছে। দু-একটা শব্দ বলতে পারে। কান্না করলে মা বলে ডাকে। মা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না।

স্বামী রায়হান খান এবং বাবা রায়হান খান...
স্বামী হিসেবে রায়হান খুবই সহনশীল। ঠান্ডা মেজাজের। আমি যেমন চট করে রেগে যাই, ও এমন না। বাবা হিসেবে তো অসাধারণ! ছেলেকে ভীষণ ভালোবাসে। রাতে ছেলে কান্না করলে সে-ই উঠে দেখে।

পরিচয় থেকে প্রণয়...
নাটক করতে গিয়েই রায়হানের সঙ্গে পরিচয়। প্রথম দিন কোনো কথাই হয়নি। পরে ওর সঙ্গে ঘোড়ার ডিম আর লীলাবতী করলাম। ওর পরিচালনায় প্রথম অভিনয় করেছি থার্টি ফার্স্ট মে নাটকে। একসময় আমাদের একটা প্রোডাকশন হাউস হলো। এরপর আমাদের মধ্যে সম্পর্কটা তৈরি হলো, আমরা ঠিক করলাম বিয়ে করব।

আরও খবর...

এখন আমার কয়েকটি ধারাবাহিকের কাজ করছি—ফয়সাল রাজিবের পরিচালনায় জীবন থেকে নেয়া এই শহরের গল্প, আলভী আহমেদের শূন্য থেকে শুরু, রুলীন রহমানের জুয়াড়ি। রায়হান খানের পরিচালনায় একটা টেলিছবি করলাম, শিগগিরই হয়তো প্রচারিত হবে।

মো. সাইফুল্লাহ