‘মাই জার্নি অ্যাজ এ উইটনেস’-এর প্রকাশনা
দেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন ছবি তুলে। সাক্ষী হয়েছেন নানা ঘটনার। কখনো তা আনন্দের, কখনো তা বেদনার। সেই সব আনন্দ-বেদনার কাব্য নিয়ে রচিত হয়েছে গ্রন্থ মাই জার্নি অ্যাস এ উইটনেস। বইটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা স্কিরা। এই বইটির মধ্য দিয়ে বেঙ্গল ও স্কিরার মধ্যকার দশকব্যাপী কার্যক্রমের সূচনা হলো।গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো। অনুষ্ঠানে স্কিরার পক্ষে সংস্থার ইন্টারন্যাশনাল কমিশনস এডিটর রোজা মারিয়া ফালভো এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া আরও বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম।ইতালির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্কিরার সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশন একটি অংশীদারিমূলক কার্যক্রম হাতে নিয়েছে। ১০ বছর মেয়াদি এই কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বিশ্বমানের বই ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এই বইগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করবে আন্তর্জাতিক পুস্তক পরিবেশক ‘রিেজালি’ ও ‘টেমস অ্যান্ড হাডসন’। সংস্থা দুটির আশা, যৌথ উদ্যোগে প্রকাশিত গ্রন্থাবলি বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় বাংলাদেশের শিল্প ও শিল্পী সম্পর্কে একটি ধারণা জন্মাবে বিশ্ববাসীর মধ্যে, যা এ দেশের শিল্প ও শিল্পীর ভবিষ্যত্ পথচলাকে আরও গতিশীল ও মহিমান্বিত করবে। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।