‘মাইকেল ফ্যামিলি ড্রামা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মৃত্যুর পর তিন শিশুকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছেন চাচা-ফুফুরা। বাবার বিশাল সম্পত্তি দখলের পাঁয়তারাই করছেন বোধহয় তাঁরা। দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় শিশুরা সাহায্য চাইবে কার কাছে?সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর ছিল না এই ‘জ্যাকসন ফ্যামিলি ড্রামা’। আর সিনেমার কায়দাতেই হলো এর পরিসমাপ্তি। ২১ জুলাই জ্যাকসনের বড় দুই সন্তান প্রিন্স আর প্যারিস ঘটনা ফাঁস করে দিল টুইটারে। দাদি ক্যাথরিন জ্যাকসনের সঙ্গে আট দিন ধরে যোগাযোগ করতে পারছে না তারা। ব্যস, ঝড় উঠল গণমাধ্যমে। এর দুই দিন পরই ২৩ জুলাই বাড়িতে পুলিশ ডাকা হয়। জ্যাকসনের ভাই-বোন র‌্যা ন্ডি, জারমেইন আর জ্যানেট নাকি জোর করে মাইকেলের সন্তানদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। পুলিশের ভিডিওতে প্যারিস আর জ্যানেটকে চেঁচামেচি করতেও দেখা গেছে। বাদানুবাদের একপর্যায়ে প্যারিসের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে চড় মেরে বসেন জ্যানেট। ‘এটা তোমার বাড়ি নয়, বেরিয়ে যাও!’ বলে জবাব দেয় প্যারিস। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ এ নিয়ে মুখ খোলেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।এরই মধ্যে ক্যাথরিনের অনুপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার আদালত মাইকেলের সন্তানদের দেখভালের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ক্যাথরিনকে। তাদের নতুন অভিভাবক চাচাতো ভাই টি জে জ্যাকসন। আদালতের সন্দেহ, ক্যাথরিনকে তাঁর পরিবারের সদস্যরা ভুল পথে চালাচ্ছেন। আর তখনই খোঁজ পাওয়া গেলে দাদি ক্যাথরিন জ্যাকসনের। অ্যারিজোনার এক স্পাতে অবসর কাটাচ্ছিলেন তিনি।ক্যালিফোর্নিয়ায় ফিরে এসে সরব হয়ে ওঠেন ক্যাথরিন। ‘আমার অনুপস্থিতিতে আমার কাছ থেকে নাতি-নাতনিদের কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি আমার সন্তানদের সঙ্গে আছি। আমাকে কেউ ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখেনি। আমি ভালো আছি।’তবে দৃশ্যমান নাটক শেষ হলেও এর আড়ালের ঘটনা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। সবকিছুর পেছনে কি মাইকেলের বিলিয়ন ডলারের এস্টেট দখলের পাঁয়তারা চলছে? উইলে ফুটো পয়সাও ভাই-বোনকে দিয়ে যাননি তিনি। সবই আছে তাঁর সন্তান আর মায়ের নামে। মা ক্যাথরিন মারা গেলে তাঁর অংশও পাবে সন্তানেরা। ক্যাথরিন উধাও হওয়ার কয়েক দিন আগেই মাইকেলের উইল জালিয়াতি হয়েছে বলে দাবি করেছিলেন তাঁর ভাই র‌্যা ন্ডি জ্যাকসন। তবে তিনি নিজেই আবার সরে আসেন সেই দাবি থেকে। মাইকেলের উইলে এ-ও বলা আছে, কেউ এই উইল চ্যালেঞ্জ করলে উত্তরাধিকারের অধিকার থেকেও বঞ্চিত হবেন। সুতরাং উইল জালিয়াতির দাবি তুলে খুব একটা সুবিধা করা যাবে না।ক্যাথরিন ফিরে আসার পর এখন তাঁকে আর টি জেকে যৌথভাবে মাইকেলের সন্তানদের দেখাশোনার ভার দেওয়া হয়েছে। ৮২ বছর বয়সী ক্যাথরিনের চাপ কমানোর জন্যই এ ব্যবস্থা। তবে ক্যাথরিন খুশি নন মোটেও। কারণ বাড়িতে তাঁর অন্য সন্তানদের আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মাইকেলের সন্তানদের নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা। নাতি-নাতনিদের দেখভাল করতে গিয়ে সন্তানদেরই নিজের বাড়িতে আসতে দেওয়া যাবে না—খেপার কথাই বটে তাঁর। বেঁচে থাকতে সন্তানদের গণমাধ্যমে আসতে দেননি মাইকেল। মুখ ঢেকে, মুখোশ পরিয়ে সন্তানদের নিয়ে বের হতেন তিনি। নিজে পাননি শৈশবের স্বাদ। সন্তানদের দিতে চেয়েছিলেন একটা স্বাভাবিক শৈশব। তা আর হলো কই?