'মাওলানা'র কারণেই চলচ্চিত্রে আসা: আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এপিজে কলকাতা সাহিত্য উত্সব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমির খান।
‘এপিজে কলকাতা সাহিত্য উত্সব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমির খান।

বলিউড তারকা আমির খান বলেছেন, ভারতের জাতীয়তাবাদী নেতা ও মুসলিম চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদের কারণেই তিনি চলচ্চিত্রে আসার সুযোগ পেয়েছেন। কলকাতায় ‘এপিজে কলকাতা সাহিত্য উত্সব’-এ আমির এ কথা বলেন। খবর ইন্দো-এশিয়ান বার্তা সংস্থার।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মাওলানা আবুল কালাম আজাদের বংশধর আমির বলেন, ‘আমার চাচা এবং বাবা চলচ্চিত্রে আসতে পেরেছিলেন তাঁর কারণেই। আর ওনারা না এলে আমারও হয়তো এ জগতে পা রাখা হতো না।’
আমির জানান, চলচ্চিত্র জগতে কাজ করার বিষয়ে পরিবারে সবাই যখন বিরূপ মনোভাব ব্যক্ত করছিলেন, তখন মওলানা আজাদই আমিরের চাচা নাসির হুসাইনকে বলেছিলেন, ‘মন যা চায় তাই করো’।
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পঞ্চম এপিজে কলকাতা সাহিত্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ‘ধর্মনিরপেক্ষতায় তাঁর বিশ্বাস এবং তাঁর দূরদৃষ্টি’ শিরোনামে মাওলানা আজাদের প্রগতিশীল চেতনা নিয়ে কথা বলেন আমির।
এ সময় চলচ্চিত্র প্রযোজক চাচা নাসির হুসাইনের স্মৃতিচারণা করে আমির বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, কলেজ পেরোনোর পর চলচ্চিত্র ও সৃজনশীল ক্ষেত্রে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন এবং লেখক হতে চাইছিলেন তিনি। পুরো পরিবারই তাঁর বিরুদ্ধে চলে যায় এবং চলচ্চিত্র জগতে কাজ করতে নিরুত্সাহিত করে তাঁকে।’

আমির জানিয়েছেন, নাসির তাঁকে বলেছেন, ‘আমি তখন আজাদ সাহেবের কাছে যাই। তিনি বলেন, কারো কথা শোনার দরকার নাই...তোমার মন যা চায় তাই করো। তিনিই একমাত্র ব্যক্তি যে আমাকে সমর্থন করেছিলেন।’

জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আমির খান আরও বলেন, ঘটনাচক্রে আমার একটি চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর মূল ভাবনাও এটাই, ‘তোমার মন যা চায় তাই করো’। ভবিষ্যতে মাওলানা আজাদকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে আছে বলেও জানান আমির।

মাওলানা আজাদের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এ বছর। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, লেখক ও অন্যতম শীর্ষ জাতীয়তাবাদী এ নেতার জীবন-দর্শন ও প্রগতিশীল চিন্তা-চেতনাকে তুলে ধরতে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ যৌথভাবে এ আয়োজন করেছে। ৮ জানুয়ারি শুরু হওয়া এ উত্সব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।