>২০০৫ সালে নির্মাণ করেছিলেন একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তারপর ২০১৩-তে ফড়িং। এরপর একটি বাঙালি ভূতের গপপো। মুক্তির অপেক্ষায় আছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার শহর। বলছি কলকাতার চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কথা। ২১ নভেম্বর এই নির্মাতা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। তাঁর সঙ্গে কথা বলেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

অনেক কিছুই তো করার ছিল! নিজেকে ‘নির্মাতা’ হিসেবে দেখতে চাইলেন কেন?
যখন ক্লাস নাইন-টেনে পড়ি, তখনই আগ্রহটা হয়েছিল। এখন যেমন কাজের অনেক জায়গা হয়েছে, তখন এত কিছু ছিল না। এখন তো বাবা-মারাও ভাবেন, ছেলে মিডিয়া লাইনে যাক। আমাদের সময় ওটা খরচের খাতায় যাওয়ার মতো ছিল। আমার মূলত ভালো লাগা থেকেই আসা। আর এই ভালো লাগাটা তৈরি করে দিয়েছিল ভারতীয় সরকারি টিভি চ্যানেল দূরদর্শন। তখন নানা ধরনের আন্তর্জাতিক ছবি দেখাত দূরদর্শন। আমার মতো মফস্বলে বেড়ে ওঠা, যার অন্য কোথাও ঢোকার সুযোগ নেই সে কিন্তু বড় হয়েছে ওই আন্তর্জাতিক সিনেমা দেখে দেখে। এ কারণেই অন্য কিছুর চেয়ে নির্মাতা হওয়ার আগ্রহই তৈরি হয়েছে আমার মধ্যে।
২০০৫ সালে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তারপর ২০১৩-তে এসে ‘ফড়িং’। দীর্ঘ বিরতির কারণ কী?
আমি টেলিভিশনে বিজ্ঞাপন নির্মাণ করি। কর্তার ইচ্ছায় কর্ম করি। ছবি বানাতে গেলে আমার দেড় থেকে দুই বছর লেগে যায়। এখন বাংলা ছবির বাণিজ্যিক যে অবস্থা, তাতে ছবি বানিয়ে লাভ করা যাবে বলে মনে হয় না। আমি টাকার জন্য ছবি নির্মাণ করি না। আমি বানাতে চাই বলে বানাই। সেটা আমার মতো করে। যদি না পারি, তাহলে বাজারে টিকে থাকার জন্য এমন কাজ করা উচিত যেখানে আমার নাম যায় না। কারণ, যেখানে আমার নাম যায়, যে কাজে আমার দেড় বছর চলে যায়, আমার আয়ুক্ষয় হয়, সেটা আমার মতো করে বানাতে চাই।
এই সমস্যা কি বিজ্ঞাপন নির্মাণের বেলায় হয় না?
না। কারণ আগেই বললাম, বিজ্ঞাপন কর্তার ইচ্ছায় কর্ম। এটা অনেকটা মেয়ের বিয়ের মতো। বিয়ের প্যান্ডেল কেমন হবে, খাবার কেমন হবে, এটা মেয়ের বাবাই ঠিক করেন। আপনি বড়জোর বলতে পারেন যে ভুল করছেন। কিন্তু সেটা শোধরাতে পারবেন না। এই চাপটা সিনেমার বেলায় থাকলে আমি কেন সিনেমা বানাব?
কিন্তু যে ব্যক্তি ছবিটি প্রযোজনা করতে আসেন, তাঁর পরামর্শ তো ছবিটির জন্য সহায়কও হতে পারে?
শুনতে খারাপ শোনালেও সত্যিটা হলো, বাংলা ছবি যাঁরা প্রযোজনা করতে আসেন, তাঁরা অন্য ব্যবসায় চট করে কিছু টাকা আয় করে তারপর আসেন। তাঁদের সঙ্গে প্রযোজনার যে ব্যাপার, তার সঙ্গে দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। প্রযোজনা যে একটা ফুলটাইম কাজ, বিদেশে ফিল্ম মেকিং কোর্সে পড়ানো হয় এটা কোনো প্রযোজক বোঝেন বলে মনে হয় না। তাঁরা তাঁদের নানা শখ-আহ্লাদ মেটানোর জায়গা ভাবেন প্রযোজনা। সত্যি কথা হলো, বেশির ভাগই অশিক্ষিত প্রযোজক। তাঁদের চাহিদা বা শখ তো অশিক্ষিতই হবে। আরও একটা কথা হলো, প্রযোজক অন্য ব্যবসায় লাভ করতে চাইলেও সিনেমায় লাভ করতে চান না। তাঁরা যদি সত্যি সত্যি লাভ করতে চাইতেন, তাহলে খুশি হতাম আমরা।
আপনি যে ধরনের ছবি নির্মাণ করেন, সেগুলো কি সাধারণ দর্শকের কাছে পৌঁছায়?
আমার ফড়িং প্রেক্ষাগৃহে এক সপ্তাহ চলেনি। কিন্তু ছবিটি দুই বাংলার অনেক মানুষ দেখেছে এটা আমি জানি। সে হিসেবে ছবিটি সফল। যদি ছবিটি না দেখত তাহলে আমি নিজেই সিদ্ধান্ত নিতাম আমি যে ধরনের ছবি নির্মাণ করি তা হয়তো ঠিক নয়। আমার ছবি না বানানোই ভালো। কিন্তু ছবিটি ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষ দেখলেও প্রযোজক কিন্তু টাকা পেল না। ফলে তারা এই জায়গা থেকে বিদায় নিল। তখন আমি বুঝলাম, ছবি বা দর্শকের সমস্যা না, সমস্যা হলো সিস্টেমের। কিছু লোক এই সিস্টেমটা দখল করে বসে আছে। কিন্তু দুই বাংলাতেই অসংখ্য পরিচালক আছেন, যাঁরা এই সিস্টেমের বাইরে। তাঁদের নতুন কিছু ভাবতে হবে।

কী রকম সেটা?
দুই বাংলায় প্রায় ২৭ কোটি দর্শক আছেন। তাঁদের মাটিতে না হলেও আকাশে এক করা যাবে। একটু কল্পনা করুন, একটাই সিনেমা হল থাকবে, সেটা আকাশে। আমাদের সময় এসেছে মাটির সিনেমা হলের মায়া ত্যাগ করার। কারণ, এখন ইন্টারনেট আর নিয়ন্ত্রণের জায়গায় নেই। তাই এটাকে ব্যবহার করতে হবে। এই সময়টা চলে এসেছে। আমার নতুন চলচ্চিত্র ভালোবাসার শহর সিনেমা পরীক্ষামূলকভাবে এই কনসেপ্টটা মাখায় রেখে বানিয়েছি। প্রধানত যাঁরা ছবি দেখেন, তাঁরা ১৮ থেকে ৩০ বছর বয়সী। তাঁরা খুব বেশি টাকা খরচ করতে পারেন না। এর পরের বয়সী একটু পরে দেখেন। আবার অনেকে পাইরেটেড ডিভিডি কিনে দেখেন। এখন ছবিটি যদি ইন্টারনেটে সহজেই পেয়ে যান এবং সেটি যদি পাইরেটেড ডিভিডির চেয়ে কম টাকা খরচ করে পাওয়া যায়, তাহলে কেন দেখবেন না? আমাদের দেশে ডিজিটাল ওয়ালেট চলে এসেছে। এখানেও নিশ্চয় আছে। শুধু এখন দরকার একটা নির্দিষ্ট মডেল। যেখান থেকে ছবিটি দেখা যাবে।
আপনার চারটি ছবির মধ্যে দুটিতেই এ দেশের জয়া আহসান অভিনয় করেছেন।
আমার ঢাকার বন্ধু নুরুল আলম আতিকের ডুব সাঁতার ছবিতে জয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। পরে আমি যখন একটি বাঙালি ভূতের গপপোর চিত্রনাট্য শেষ করি, তখন মনে হলো এর মূল চরিত্রে জয়াকে নেওয়া যায়। তখনো আমার সঙ্গে জয়ার পরিচয় হয়নি। একজনের সঙ্গে আলাপ করতেই জানালেন, জয়া ওই মুহূর্তে কলকাতায়। তাঁর সঙ্গে যোগাযোগ করি ও কথা হয়। তারপরই একসঙ্গে কাজ করা। আমার মনে হয় জয়া অসম্ভব প্রতিভাবান একজন অভিনেত্রী।
কলকাতার বাণিজ্যিক ছবিগুলো নিয়ে আপনার মন্তব্য কী?
গত ১৫-২০ বছরে কোনো বাণিজ্যিক ছবি তৈরি হয়নি। কিন্তু আমি মনেপ্রাণে চাই প্রচুর বাণিজ্যিক ছবি হোক। কারণ, বাণিজ্যিক ছবি হলে অর্থ আসে এবং ইন্ডাস্ট্রির স্বাস্থ্য ভালো হয়। কিন্তু আমরা অপেক্ষায় থাকি, কবে তামিল একটা ছবি বানাবে এবং আমরা একটা ডিভিডি কিনে কপি মারব। এটাকে কোনো বাণিজ্যিক ছবির মধ্যে ফেলতে আমি রাজি নই। আমাদের ওখানে একজন মানুষ নেই যে ছয় মাসের বেশি ভাবছে। একজন দায়িত্বশীল মানুষ যদি আগামী ১০ বছরের ভাবনা মাথায় নিয়ে এগিয়ে আসত, তাহলে পুরো ইন্ডাস্ট্রিটা বদলে যেত।
আপনার পরবর্তী সিনেমা কী নিয়ে?
এখনো ভাবিনি। বেশ কয়েকটি চিত্রনাট্য নিয়ে কাজ করছি। তবে এখন বলতে চাইছি না।