
ঢাকায় বলিউড তারকা হেমা মালিনী। মাত্র ২৪ ঘণ্টার জন্য। শালিমার নারকেল তেলের শুভেচ্ছাদূত তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা শালিমার নাইট’ অনুষ্ঠানে বাংলাদেশে শালিমার নারকেল তেলের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন এই তারকা। বাংলাদেশে শালিমার নারকেল তেলের বোতলজাতকারী ও পরিবেশক প্রতিষ্ঠান এমএসটিএসের আয়োজনে তিনি এসেছেন ঢাকায়।
কাল দুপুরে ঢাকায় এসে কিছুক্ষণের বিশ্রাম। দুপুরের খাবার খাওয়ার পর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন। সংবাদ সম্মেলনের পর হোটেল কক্ষে হেমা মালিনীর একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ মিলল।
মানুষ আপনাকে কেন চিরসবুজ‘ড্রিম গার্ল’ বলে? এর রহস্য কী?
ভালোবাসার আসলে রহস্য হয় না! মানুষ আমাকে ভালোবাসে, তাই তাদের ‘ড্রিম গার্ল’ আমি। এটা আমার জীবনের সেরা পাওয়া বলতে পারেন।
কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে মনে হয়েছিল খুব কঠিন?
কোনো চরিত্রই আমার কাছে কঠিন মনে হয়নি।
অনস্ক্রিন না অফস্ক্রিন—কোন স্ক্রিনে আপনি ভালো অভিনেত্রী?
অফস্ক্রিনে আমি অভিনয় করি না। অনস্ক্রিনেই আমার অভিনয়ের সবটুকু অভিজ্ঞতা ঢেলে দিই এবং চেষ্টা করি।
কার কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন?
আমার মা জয়া চক্রবর্তীর কাছ থেকে। বিশেষ করে নাচের ব্যাপারে তাঁর অসীম আগ্রহ।
মেয়েদের ব্যাপারে বলুন।
দুজনই নতুন জীবনে পা রেখেছে। দুজনই পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আর মেয়েদের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ওদের নিয়ে আমি গর্বিতও।
এশা দেওলও তো অভিনয়ে এসেছেন, এতে কি আপনার অনুপ্রেরণা বা উৎসাহ কাজ করেছে বেশি?
না, আমি কখনো এশাকে বলিনি, তোমাকে অভিনয় করতে হবে। এশা অভিনয়ে এসেছে নিজের ইচ্ছা ও ভালোবাসা থেকেই।
ইতিহাস আপনার প্রিয় বিষয়। ইতিহাস থেকে কী শিক্ষা নেন?
ইতিহাস সব সময় চমকপ্রদ। ইতিহাস আমাকে বলে সুপথে থাকতে, ভালো মানুষ হতে।
বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন?
ভালো পরিচালক যদি প্রস্তাব দেন, অবশ্যই অভিনয় করব। তবে আমার তো বয়স হয়ে গেছে, পরিচালকেরা আগ্রহী হবেন কি না, জানি না! তবে সত্যজিৎ রায় যদি একবার প্রস্তাব দিতেন তাঁর ছবিতে অভিনয়ের জন্য, ঝাঁপিয়ে পড়তাম!
নৃত্যশিল্পী না হয়ে অভিনয়শিল্পী হলেন কেন?
অভিনয় করলেও আমি নাচ ছাড়িনি এক দিনের জন্যও। আমি বিশ্বাস করি, যেদিন নাচতে পারব না, সেদিন আমি থাকব না! আমার মা-ও নাচের ব্যাপারে আমাকে তুমুল উৎসাহ দিয়েছেন। নাচের একটি স্কুলও আছে আমার। সেখানে প্রতিবছর অনুষ্ঠানও করি।
এখন আবার নায়িকা হলে নায়ক হিসেবে কাকে বেছে নেবেন?
এটা খুব কঠিন প্রশ্ন! আসলেই তো কাকে বেছে নেব! এত এত সুদর্শন সু-অভিনেতা এখন বলিউডে। আসলে ঠিক একজনের নাম বলা খুব মুশকিল। তবে এটাও বলি, আমি যে সময়ে অভিনয় করেছি সেটা ছিল বলিউডের স্বর্ণযুগ। বলিউডের ১০০ বছর পূর্তি হচ্ছে এ বছর; দীর্ঘ এই যাত্রার আমিও অংশ; ভাবতেই ভালো লাগে। প্রায় ২০০টি ছবিতে অভিনয় করেছি। সৌভাগ্য, দারুণ দারুণ সব অভিনেতার সঙ্গে অভিনয় করেছি আমি।
অমিতাভ বচ্চনের সঙ্গে আপনার পর্দার রসায়ন সর্বজনবিদিত। আপনার কেমন লাগে এটা?
অসাধারণ! অমিতাভ বচ্চন খুব উঁচু মানের অভিনেতা ও ভালো মানুষ। তাঁর সঙ্গে দীর্ঘদিন অভিনয় করে যাওয়া এবং জনপ্রিয় হওয়া নিঃসন্দেহে আনন্দের অভিজ্ঞতা।
আপনার সৌন্দর্যের গোপন মন্ত্র কী?
হা হা হা হা! কোনো গোপন মন্ত্রই নেই! এটা ঈশ্বর প্রদত্ত বলতে পারেন। বাকিটা যত্ন, পরিচর্যা।
বাংলাদেশের মানুষের জন্য কিছু বলবেন?
বাংলাদেশে এলে মনেই হয় না বিদেশে এসেছি। দ্বিতীয় বাড়ি মনে হয় এই দেশকে। এর আগে সাত-আট বছর আগে এসেছিলাম, বাপ্পী লাহিড়ীর সঙ্গে। এখানকার মানুষ, প্রকৃতি—সবই তো আমার আপন!
আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি আবার বাংলাদেশে আসব।
মাহফুজ রহমান