‘মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীরা সব সময়ই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। সারা পৃথিবীতেই আর্তমানবতার সেবায় শিল্পীদের কাছে পাওয়া যায়। দেশ-বিদেশের সে রকমই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন বিনোদন জগতের মানুষ তাঁরা। নেচে-গেয়ে-অভিনয় করে মানুষকে আনন্দ দেওয়াই তাঁদের কাজ। অনেক দূরের মানুষ যেন তাঁরা। পর্দায় দেখা যায়, ধরাছোঁয়া যায় না। এমন মনে হলেও, প্রয়োজনে অনেকবারই তাঁরা মানবতার ডাকে সাড়া দিয়েছেন। নিজেদের তারকাখ্যাতি কাজে লাগিয়ে বহু টাকা তুলেছেন দুর্গত মানুষের জন্য, ছুটে গেছেন দুর্যোগপূর্ণ এলাকায়।২০১২ সালের ১২ জানুয়ারি ৭ মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দিয়ে যায় হাইতি দেশটাকে। অসংখ্য মৃত্যু, ধ্বংসের খবর যখন, তারকারা বসে শুধু দেখছিলেন না। জর্জ ক্লুনি ও ওয়াইক্লেফ জিনের উদ্যোগে শুরু হয় এক টেলিথন। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক এবং লন্ডনের স্টুডিও থেকে সম্প্রচার হয় তা। ম্যাডোনা, বোনো, ব্রুস স্প্রিংস্টিন, কোল্ডপ্লে, রিহানা, স্টিং, স্টিভি ওয়ান্ডার, ক্রিস্টিনা অ্যাগুইলেরা, শাকিরা, টেইলর সুইফট প্রমুখ শিল্পী এতে অংশ নেন। ফোন ও টেক্সট মেসেজের মাধ্যমে সাহায্য নেওয়া হয় এতে। স্টিভেন স্পিলবার্গ, ব্র্যাড পিট, নিকোল কিডম্যান, রবার্ট প্যাটিনসন, রিজ উইদারস্পুনরা ফোনলাইন পরিচালনা করেন। ‘হাইতির মানুষের সাহায্য প্রয়োজন। তাঁদের জানা প্রয়োজন যে তাঁরা একা নন। তাঁদের দেখা প্রয়োজন যে আমরা তাঁদের পাশেই আছি।’ ৫৭ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সাহায্য পাওয়া যায় এ থেকে। হাইতির সমর্থনে মাইকেল জ্যাকসন এবং লায়নেল রিচির লেখা ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটি নতুনভাবে রেকর্ড করা হয়। এতে অংশ নেন জেনিফার হাডসন, জাস্টিন বিবার, মাইলি সাইরাস, এনরিকে ইগলেসিয়াস, বারবারা স্ট্রিস্যান্ড, পিংক, সেলিন ডিওন, ফারগি, কানইয়া ওয়েস্ট প্রমুখ শিল্পী।এখানেই শেষ নয়। জন ট্র্যাভোল্টা তাঁর ব্যক্তিগত বিমানটি পাঠিয়ে দেন ত্রাণ পরিবহনের কাজে। সুসান সারান্ডন, মেরিল স্ট্রিপ, ব্রিটনি স্পিয়ার্সরা তাঁদের পোশাক নিলামে তোলেন। শাকিরা দায়িত্ব নেন হাইতিতে স্কুল গড়ে তোলার।২০১১ সালে শন পেন ও অপরাহ উইনফ্রে হাইতি সফরে যান দুর্যোগ-পরবর্তী ত্রাণকাজে সাহায্য করার জন্য। ভূমিকম্পের পর থেকেই এখন পর্যন্ত শন পেন কাজ করে যাচ্ছেন হাইতির জন্য। এর আগে যুক্তরাষ্ট্রে নয়-এগারোর বিপর্যয়ের পরও তারকারা সাহায্য সংগ্রহ করেছিলেন। ‘এ ট্রিবিউট টু হিরোস’ শিরোনামের কনসার্ট থেকে আয় হয়েছিল ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি।থাইল্যান্ডে নিজের একটি সিনেমার শুটিং করেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। সেখানে সুনামি আঘাত হানার খবর জেনেই অর্থ সাহায্য দেন তিনি। মাইকেল শুমাখার, স্টিফেন স্পিলবার্গ, সান্দ্রা বুলক প্রমুখ শিল্পীও অর্থসাহায্য করেন। এভাবেই তারার জগতের বাসিন্দারা বারবার মানুষ হয়ে দাঁড়িয়েছেন দুর্গত মানুষের পাশে। তবে এখানে আমরা লিখেছি শুধু হাইতির দুর্যোগে শিল্পীদের হাত বাড়িয়ে দেওয়ার কথা—সিন্ধুর এক বিন্দু।