মৌসুমী নাগ। ছোট পর্দার নিয়মিত মুখ। পা রেখেছেন রুপালি পর্দায়। আজ তাঁকে দেখবেন বাংলাভিশনে লঙ্গরখানা ধারাবাহিকে।ছবির খবর...বিপ্লব হায়দারের ফিল মাই লাভ ছবির শুটিং শেষ। গানগুলো শুধু বাকি আছে। ফেরদৌস ভাইয়ের সঙ্গে অভিনয় করলাম। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। এ ছাড়া তন্ময় তানসেনের রান আউট ছবিতেও অভিনয় করছি। এতে আমার সহ-অভিনেতা সজল। সবাই তো আমার বন্ধু, তাই ছবিতে অভিনয়ের আলাদা যে অনুভূতি, সেটা তেমনভাবে টের পাইনি।মৌসুমীর প্রিয় মৌসুম...শীতকাল। গরম সহ্য হয় না। রাজশাহীতে এসেছি ঈদের নাটক প্রশাখার শুটিংয়ে, কিন্তু গরমে সেদ্ধ হচ্ছি!ছেলেবেলায় ভাবতাম...ভাবতাম কবে বড় হব! কারণ, বাড়ির সবাই সব সময় কড়া শাসনে রাখতেন। এ ছাড়া পড়াশোনা করেছি ভারতেশ্বরী হোমসে। সব মিলিয়ে তাড়াতাড়ি বড় হতে চাইতাম।আমার সবচেয়ে বড় শক্তি...আমি মানুষকে অনেক বেশি ভালোবাসতে পারি।সবচেয়ে বেশি ভয় পাই...মানুষের দ্বিমুখিতা, ভুল বোঝা আর বিশ্বাসঘাতকতা।বিজ্ঞাপনের মৌসুমী...সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করলাম। শিগগিরই টিভিতে দেখা যাবে। খুব অল্প সময়ে দর্শকের সঙ্গে থাকা যায়, তাই বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগে।সাংবাদিক হলে মৌসুমী নাগকে যে প্রশ্নটি করতাম...অভিনয়শিল্পী হিসেবে আপনি কতটা ভালো/খারাপ? উত্তরে বলতাম ফিফটি ফিফটি।নাটকের খবর...বদরুল আনাম সৌদের লেখা ও নরেশ ভূঁইয়া পরিচালিত লঙ্গরখানায় অভিনয় করছি। সৌদ ভাইয়ের লেখা আমার খুব প্রিয়। কারণ, তাঁর সৃষ্ট প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং নাটকটি কমেডি ঘরানার, কিন্তু এখানে সুড়সুড়ি দিয়ে হাসানোর কোনো চেষ্টা নেই। মজাটা পুরোই স্বাভাবিকভাবেই উপস্থাপন করা হয়। এ ছাড়া অভিনয় করছি অগ্নিপথ, বৈরী বাতাস ও ছায়াবৃতা ধারাবাহিকে। দুটি ধারাবাহিকের শুটিং শেষ করলাম। ঈদের নাটকও করলাম চারটির মতো।মাহফুজ রহমান