'মানুষ' থেকে 'কবিগাছ'
গত বছর মুক্তি পেয়েছিল কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ। ছবিটি নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। একই পরিচালক এবার তৈরি করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র দ্য পোয়েট্রি: কবিগাছ। নির্মাতা এই চলচ্চিত্রের জন্য এবার বেছে নিয়েছেন কবির ‘মানুষ’ কবিতাটি। সঙ্গে আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ কবিতাটিও। মাসুদ পথিক বলেন, ‘এই দুই কবিতা থেকেই আমার নতুন সিনেমা কবিগাছ নির্মাণ করব, যেখানে নির্মলেন্দু গুণসহ কমপক্ষে ৩০ জন কবি অভিনয় করবেন। মূলত কবিদের জীপনযাপন নিয়েই আমার নতুন সিনেমার গল্প।’ আগামী সপ্তাহেই সিনেমার শুটিংয়ের তারিখ ও সময় নির্ধারণ করা হবে। পরিচালক জানান, এ বছরই কবিগাছ-এর কাজ শেষ করার ইচ্ছা তাঁর। গতকাল রোববার কবির জন্মদিন উপলক্ষে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন মাসুদ পথিক।