
মাজনুন মিজান। অভিনয়শিল্পী। চ্যানেল নাইনে শুরু হলো ধারাবাহিক নাটক চন্দ্রাবতী। এতে অভিনয় করছেন তিনি।
‘চন্দ্রাবতী’...
নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অঞ্জন আইচ। অনেকটা ‘সিচুয়েশনাল কমেডি’ ধাঁচের নাটক। নাটকে আমি পীরের খাদেম। নাম রিংকু। রিংকু দ্বিমুখী। ভীষণ চতুর, আবার পীরের ভক্ত।
ঈদে আমার অভিনীত নাটক আর টেলিছবি...
শামীম আহমেদের পরিচালনায় তিনটি নাটক করছি। গৃহত্যাগ প্রকল্প প্রাইভেট লিমিটেড, সব প্রেমের গল্প এক হয় না ও হোটেল চিটাগং। মাহফুজ আহমেদের পরিচালনায় করলাম দ্য ডক্টর আর ভালো থেকো সবুজ পাতা, অঞ্জন আইচের পরিচালনায় দুটি নাটক প্রতিফলন আর শুভ অমাবস্যা। জুয়েল রানার পরিচালনায় ওপারে অসীম আকাশ আর শাহীন কবিরের বিয়ের ফুল নাটক।
অন্য রকম...
একটা নাটকের কথা আলাদা করে বলব। মাহমুদ দিদারের পরিচালনায় এ কেমন শহরে এসে তুমি দাঁড়ালে। এই নাটকে আমি পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর চরিত্রে অভিনয় করেছি।
‘দাবাড়ু’র খবর...
দাবাড়ু নামে একটি অ্যাকশন ধাঁচের ছবিতে অভিনয় করার ব্যাপারে আলোচনা হয়েছে। শুনেছি ছবিতে কলকাতার একজন নায়িকা অভিনয় করবেন। পুরোপুরি বাণিজ্যিক ছবি। ছবির ফাইট ডিরেক্টর আসবেন চেন্নাই থেকে।
সবচেয়ে বড় অর্জন...
আমি নিয়মিত অভিনয় করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমার জীবন-মরণ, সকাল, সন্ধ্যা, রাত, দুপুর—সবই নাটক!
প্রচারের অপেক্ষায়...
পূজা উপলক্ষে একটি নাটক করেছি রাজডুঙ্গি বৃষ্টিতে গল্প, হাসান মোরশেদের পরিচালনায়। নতুন একটা বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। শিগগিরই এর প্রচার শুরু হবে।
মো. সাইফুল্লাহ