'মায়ের কথা'য় মাকে নিয়ে গান

নিরাপদ মাতৃত্ব দিবসে মাকে নিয়ে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী খুরশীদ আলম, সাদী মহম্মদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিত্, মমতাজ, জেমস ও পলাশ।তাঁদের পাশাপাশি গাইবেন কনা, রাশেদ ও কোনালের মতো এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও।
২৮ মে মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবসে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চ্যানেল আই প্রাঙ্গণে ‘মায়ের কথা’ শিরোনামে একটি মেলার আয়োজন করা হয়েছে।এ অনুষ্ঠানেই মাকে নিয়ে গান গাইবেন শিল্পীরা।
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে এবং সব শ্রেণীর মায়েদের সচেতন করে তুলতে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট ও চ্যানেল আই। মেলায় অংশ নিচ্ছে দেশি-বিদেশি বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান।
‘মায়ের কথা’ শিরোনামের মেলার উপস্থাপনা ও পরিকল্পনায় আছেন ফারজানা ব্রাউনিয়া।তিনি জানান, বাংলাদেশের নারীদের মধ্যে প্রজননস্বাস্থ্য বিষয়ে জ্ঞান প্রয়োজনের তুলনায় খুবই কম। এ কারণে বাংলাদেশের মায়েরা প্রসবকালে ও প্রসব-পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন। কিন্তু সামান্য সচেতনতা কিংবা সতর্কতা এ মৃত্যুহার কমাতে পারে। তাই মায়েদের স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন।’
‘মায়ের কথা’ শিরোনামের মেলাটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। মেলার পুরো আয়োজনটি সকাল ১১টা ৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।