‘মার্কেট ২’ ছবিতে মনীষা!
মনীষা কৈরালা অভিনীত ‘মার্কেট’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এবার এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক জয় প্রকাশ। তিনি ‘মার্কেট ২’ ছবিতেও মনীষাকে চুক্তিবদ্ধ করানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মনীষা ডিম্বাশয় ক্যানসারের চিকিত্সা শেষে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরলে চুক্তি স্বাক্ষরের পর্ব সারতে চান নির্মাতা জয়।এ প্রসঙ্গে জয় বলেন, ‘মনীষা “মার্কেট” ছবিতে অভিনয় করেছিলেন। “মার্কেট ২” ছবির চিত্রনাট্য নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করেছিলাম এবং তিনি পছন্দ করেছিলেন। চিকিত্সা পর্ব শেষ করে দেশে ফেরার পর আবার চিত্রনাট্যটি নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসব।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। জয় আরও বলেন, ‘মনীষা দ্রুত সেরে উঠছেন। তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি আমি। তিন-চার মাসের মধ্যেই মনীষা দেশে ফিরতে পারবেন। তাঁর সঙ্গে “মার্কেট” এবং “চাহাত: এক নাশা” ছবিতে কাজ করেছিলাম। “মার্কেট” ছবির কাহিনি গড়ে উঠেছিল এক নারীকে কেন্দ্র করে, যাঁকে যৌনপল্লিতে বিক্রি করে দেন তাঁর ভাই। মনীষা ছবিটির নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন। তাঁকে ছাড়া “মার্কেট ২” ছবি কল্পনাও করতে পারছি না আমি।’ ‘সওদাগর’ ছবির মাধ্যমে ১৯৯১ সালে বলিউডে পা রেখেছিলেন মনীষা। পরে ‘দিল সে’, ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘লজ্জা’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন নেপালি বংশোদ্ভূত এ বলিউডের তারকা। মাঝে কিছুদিন অনিয়মিত থাকলেও ২০১২ সালে রাম গোপাল ভার্মার ‘ভূত রিটার্নস’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন ঘটে ৪২ বছর বয়সী মনীষার। ‘ভূত রিটার্নস’ ছবির সাফল্যের পর মনীষা বলিউডে নিয়মিত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়েন। গত বছরের নভেম্বরে ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় মনীষাকে। এরপর নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে ওঠেন মনীষা। এখন তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। চিকিত্সা পর্ব শেষ করে আগামী জুলাই মাসে তিনি দেশে ফিরতে পারবেন বলেই জানিয়েছেন তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষ।