‘মাহবুবা’ নয়, ‘বিনু’
কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাসের একটি চিঠির চরিত্র মাহবুবা। সে চিঠির মধ্য দিয়ে নিজের অনেক কথা তুলে ধরে। সেই চিঠির গল্পের ছায়া অবলম্বনে নজরুলজয়ন্তীর জন্য তৈরি হচ্ছে টিভি নাটক বিনু। ‘বিনু’ চরিত্রে অভিনয় করছেন অপি করিম।গতকাল নাটকটির শুটিং হলো ঢাকার ধানমন্ডিতে। অপি বললেন, ‘মাহবুবা চরিত্রটির ছায়া থাকবে বিনুর ওপর। তার মধ্য দিয়ে মাহবুবার একটা গল্প জানা যাবে। তবে বিনু এ সময়ের মেয়ে। তার হাতে আছে মুঠোফোন। আসলে নজরুলের প্রায় সব লেখা নিয়েই তো নাটক তৈরি হয়েছে। সেদিক থেকে কয়েকটি চিঠির ছায়া অবলম্বনে তৈরি এই নাটক দর্শকদের ভালোই লাগবে।’তিনি আরও বলেন, ‘এর আগেও নজরুলের সাহিত্য থেকে তৈরি নাটকে আমি অভিনয় করেছি। এ ধরনের নাটকে অভিনয় করার সময় অনেক বড় বড় সংলাপ মুখস্থ করতে হয়। কয়েক দিন ধরে সময় পেলেই বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপগুলো চর্চা করেছি।’নাটকটির পরিচালক নাহিদ আহমেদ পিয়াল বলেন, ‘পুরো নাটকটিই অ্যাডাপটেশন। আমি বর্তমান সময়টাকে নাটকে উপস্থাপন করতে চেয়েছি। পাশাপাশি যেন নজরুলের মাহবুবাকেও খুঁজে পাওয়া যায়, সেদিকেও খেয়াল রেখেছি।’