'মায়াবিনী'র মায়ায়

আড্ডায় বসে প্রশ্ন করার আগেই হাতের নোট লেখার খাতাটা টেনে নিলেন। নিলেন কলমও। তারপর সেই নোটের আগেই শুরুতে লিখলেন নিজের পুরো নাম ‘সাইমন সাদিক’। সেটা বাড়িয়ে দিতে দিতে বললেন, ‘সবাই আমার নাম ভুল লেখে। এই জন্য আগে ঠিক করে দিলাম।’
এমন আগ বাড়িয়ে শুধরে দেওয়ার ও নেওয়ার কাজটা নিজের চরিত্রের বেলায়ও করেন এ অভিনেতা। সেটা টের পাওয়া গেল আড্ডার শুরতেই। মায়াবিনী ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনেতা সাইমন যে কাজটি করেছিলেন তা শুনেই শুরু হলো আলাপ। ‘শুটিংয়ের আগেই আমি গাজীপুরের কালিয়াকৈরের একটা জায়গায় গিয়েছিলাম। যে এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের বাস। যাদের আমরা হিজড়া বলে জানি। সেখানে গিয়ে তাদের জীবনযাপন, কথা বলার ধরনসহ সবই ফলো করেছি। দেখে এসেছি। কিন্তু ছবিতে অত বিস্তারিতভাবে এই “দেখাটা” কাজে লাগেনি।’
তবুও মায়াবিনী ছবিটি নাকি আলাদা। এ ধরনের ছবিতে আগে কখনোই অভিনয় করেননি ১৫টি ছবি মুক্তি পাওয়া সিনেমার নায়ক সাইমন। ‘আলাদা’ কিংবা ‘ভিন্ন ধরনের গল্প’, নতুন সিনেমার ক্ষেত্রে এগুলো ঢের চেনা শব্দ বা বাক্য। মনে করিয়ে দিতেই সাইমন উত্তর দিলেন, ‘মায়াবিনীকে আপনি হরর গল্প বলতে পারেন, বলতে পারেন থ্রিলারও। আবার কমেডিও আছে।’
সাইমনের কথার শেষটা টানলেন নায়িকা আইরিন। ‘আমার যে চারটি সিনেমা মুক্তি পেয়েছে তার সঙ্গে এই সিনেমার গল্পটার মিল পাওয়া যাবে না। তবে আমার কাজের মিল পাওয়া যাবে।’ বলেই হেসে ফেললেন। পরের প্রশ্নের আগে সেই হাসি থামল না। কী সেই কাজ?
‘গতানুগতিক। এসেছি। হেসেছি। নেচেছি আর নায়কের সঙ্গে প্রেম করেছি।’ আবারও হাসি। হাসির গমকের মধ্যেই সাইমন জানালেন, মায়াবিনীতে তিনি চারটি চরিত্রে অভিনয় করেছেন। যার একটি হিজড়ার চরিত্র, আরেকটি সুবোধ বালকের। বাকি দুটি দর্শকের জন্য চমক হিসেবে রাখলেন।
গত রোববার এই দুজনের সঙ্গে আড্ডা চলছিল প্রথম আলো কার্যালয়ে। ভর সন্ধ্যায় দুজন এলেন আলোকচিত্রীর ক্যামেরার সামনে দাঁড়ানোর কাজ শেষ করে। পেঁপের জুসের চুমুকের সঙ্গে চলছিল আড্ডা। কথা ছিল মায়াবিনী নিয়েই কথা হবে। কিন্তু আড্ডা শুরু হওয়ার পর সেটা ছাপিয়ে গেল নানান প্রান্ত।
র্যা ম্পের লম্বা রানওয়ে ছেড়ে ২০১৩ সালে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন আইরিন সুলতানা। চার নম্বর বছরে এসে মুক্তি পাচ্ছে পঞ্চম ছবি। জানতে চাই, এই অল্প সময়ে এসে অভিজ্ঞতা কেমন হলো? কথার সঙ্গে হাসি মিশিয়ে কথা বলা মেয়েটি এবার চিন্তায় পড়ে গেলেন। মিনিটখানেক ভেবে, জুসের গ্লাসে চুমুকটা শেষ করে বললেন, ‘প্রথম ছবিটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আর পরিচালকের ছিল ভয়। র্যা ম্পের মেয়ের হাঁটা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও, অভিনয় নিয়ে নিশ্চয় আছে। সেটা আমি মনে হয় উতরে গেছি। তারপর তো বেশ কিছু ছবি করলাম। হাতে আছে আরও কয়েকটি।’ এবার মুক্তি না হওয়া ও শুটিং চলা ছবির নাম বলা শুরু করলেন। নোট নিতে নিতে সাইমনের কাছে জানতে চাই, নিজের অভিনয় করা এখন পর্যন্ত সেরা ছবি কোনটি? এবার সাইমনের চিন্তার পালা। কিন্তু খুব বেশি সময় নিলেন না। একবাক্যে পোড়ামন চলচ্চিত্রের নাম বললেন তিনি, ‘জানেন, এখন আমাকে লোকজন পোড়ামন খ্যাত সাইমন বলেই ডাকে।’
কথা শেষ করতে হবে। আগামীকাল মুক্তি পাবে আশিষ আচার্য্য পরিচালিত মায়াবিনী ছবিটি। উঠতে উঠতে আইরিন বললেন, ‘ছবিটি দেখবেন। ভালো লাগবে এটা বলে রাখলাম।’