ক থো প ক থ ন: মিথিলা। অভিনয় করেন। উপস্থাপনাও করেন। আবার চাকরি করছেন। আজ আরটিভিতে প্রচারিত হবে ‘আমি আর মা’ অনুষ্ঠানটি। আজকের অতিথি মিথিলা ও তাঁর মা

কেমন আছেন?
ভালো। মেয়ের সঙ্গে আছি।
আপনি তো চাকরি করছেন।
হ্যাঁ, ব্র্যাকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বিভাগে আছি। আগে ছিলাম গবেষণা বিভাগে।
বললেন, মেয়ের সঙ্গে আছেন।
আমার মেয়ে আইরার বয়স সাড়ে সাত মাস। সকালে ওকে সঙ্গে নিয়ে আসি। ব্র্যাকের নিজস্ব ডে কেয়ার সেন্টার আছে। সারাটা দিন ও এখানেই থাকে। দুই ঘণ্টা পরপর মেয়ের কাছে আসি। ওর সঙ্গে কিছু সময় কাটাই। ও এখন শক্ত আর স্বাভাবিক খাবার খাচ্ছে। তাই এখন একটু বেশি খেয়াল করতে হয়।
আপনার স্বামী তাহসান তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছেন।
হ্যাঁ, বলতে পারেন, আমরা পুরোপুরি ব্র্যাক পরিবার।
আজ আপনি আর আপনার মা আরটিভির একটি অনুষ্ঠানের অতিথি।
আমার আজকের সাফল্যের পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। মায়ের জন্যই আজ আমি মিথিলা। পড়াশোনা, মিডিয়ায় কাজ করা, আমার আজকের পরিচিতি—সব কিছুর পেছনে মায়ের অবদান বলে শেষ করতে পারব না। মাকে সঙ্গে নিয়ে টিভির কোনো অনুষ্ঠান আগে করা হয়নি। এবার খুব ভালো লেগেছে।
টিভিতে আবার কবে থেকে নিয়মিত কাজ করবেন?
আইরার বয়স যখন দেড় বছর হবে, তখন আবার নিয়মিত কাজ করব। তবে সব কিছুর আগে সংসার, সন্তান আর চাকরি।
এখন টিভিতে একটি বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে। সেখানে আপনি আর তাহসান অভিনয় করেছেন।
আমাদের সঙ্গে একটি বাচ্চাও আছে। অনেকেই ধারণা করেছেন ও আমাদের মেয়ে। না, এই বিজ্ঞাপনচিত্রের যখন কাজ করেছিলাম, তখন আইরার বয়স ছিল পাঁচ মাস। বসতেও শেখেনি। যদিও নির্মাতারা ওকে নিতে চেয়েছিলেন, কিন্তু আমরা রাজি হইনি।
ইদানীং মেয়েকে সঙ্গে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছেন?
না, খুব ইচ্ছা হয়। কিন্তু পারছি না। এখন তো অবরোধ চলছে। তাহসানের ক্লাস নেই। আমি অফিসে। আবার যখন আমি একটু ফ্রি হব, তখন দেখা যাবে তাহসানের ক্লাসের চাপ বেড়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি তা হয়তো সম্ভব হবে না।
বিনোদন প্রতিবেদক