‘মা’কে নিয়ে পাঁচ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানাকণ্ঠ: খুরশীদ আলমকথা: গাজী মাজহারুল আনোয়ারসুর: সত্য সাহা‘চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস (প্রয়াত) ছবি বানাবেন। নাম সমাধি। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা (প্রয়াত), পরিচালকের সঙ্গে প্রতিদিন আমিও গিয়ে বসছি।’—বলছিলেন শিল্পী খুরশীদ আলম। গানটি হবে ‘মা’কে নিয়ে। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন নায়ক রাজ্জাক। গানটির কথা ও সুর তৈরি হতে দু-তিন দিন লেগে গেল। এরপর রেকর্ডিং হলো কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। সাধারণত ছবি মুক্তি পাওয়ার পরই গান হিট হয়। কিন্তু সত্যদা যেন আগেই বুঝে গিয়েছিলেন, গানটি হিট হবে। তিনি আমাকে বললেন, ‘যত দিন তুই বেঁচে থাকবি, তত দিন তোকে এই গানটা গাইতে হবে।’খুরশীদ আলম আরও যোগ করেন, সত্য সাহার কথাই সত্যি হলো। আমি যেখানে গান গাইতে যাই, সেখানেই এ গানটি গাইতে হয়। এরপর ‘মা’ নিয়ে আরও ২৫টির মতো গান গেয়েছি। কিন্তু এ গানটির মতো আর কোনো গানই এত জনপ্রিয় হয়নি। আসলে গানের কথা ও সুর অনেক সহজ-সরল ছিল। সিনেমার সিকোয়েন্সটা ছিল অনেক আবেগময়। সব মিলিয়ে গানটি জনপ্রিয় হয়।মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চামকণ্ঠ: ফকির আলমগীর কথা ও সুর: সংগ্রহ১৯৭৭ সালের কথা। আমি তখন নাখালপাড়ায় থাকি। বিয়ে করিনি তখনো। মাকে নিয়ে ফরিদপুরে যাচ্ছি। আরিচা ঘাটে পৌঁছাতেই অন্ধ এক বাউলের সঙ্গে দেখা। দোতারা বাজিয়ে দেহত্বত্তের গান করছেন। গানটা শুনেই আমার কানে লেগে গেল। সঙ্গে সঙ্গে রেকর্ডার বের করে গানটা ধারণ করে নিলাম। পরে গানটি বিটিভির একটি অনুষ্ঠানে নিজের মতো তৈরি করে গাইলাম। তখনই সবার প্রশংসা পেলাম। নব্বইয়ের দশকে অজিত রায় বিটিভির জন্য গানটি আবার রেকর্ড করান। এ গানটিই আমার সখিনা ২ অ্যালবামে সংযোজন করি। এরপর গানটি আরও দুবার রেকর্ড হয়েছে। আলাউদ্দিন আলীর সংগীতায়োজনেঅবরোধ চলচ্চিত্রের জন্য এবং ফরিদ আহমেদের সংগীতায়োজনে দ্বিতীয়বার। আমার সখীপুরের সখিনা অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হয়। এ গানটিই সব জায়গায় শোনা যায়।এমন একটা মা দেনা...কণ্ঠ: ফেরদৌস ওয়াহিদকথা ও সুর: ডা. নাসির আহমেদ১৯৭৪ সাল। আমি তখন কলেজে পড়ি। শিল্পী ফিরোজ সাঁই (প্রয়াত) আমাকে একদিন ডেকে বললেন, একটা গান গাইতে হবে। গানটি লিখেছেন ও সুর করেছেন ডা. নাসির আহমেদ (বর্তমানে তিনি প্রবাসে)। গানটা শুনলাম। খুবই পছন্দ হলো। ফিরোজ সাঁই বললেন, গানটি তোমার গলায় খুব মানাবে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু টাকা জোগাড় করো। গানটি রেকর্ড করতে মোট খরচ হবে ৩৩০ টাকা। এত টাকা আমার কাছে নেই। এগিয়ে এল আমার চার বন্ধু সাইফ, রুমী, শামীম ও এনায়েতুল্লাহ। নিজের টিফিনের টাকা এবং বন্ধুদের টাকায় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করলাম। এরপর ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর বিটিভির বিশেষ সংগীতানুষ্ঠানে গানটি প্রচারিত হয়। চারদিকে ব্যাপক সাড়া পড়ে যায়। ১৯৭৭ সালে ‘এমন একটা মা দেনা’ এবং ‘স্মৃতিরও সেই পথে’ গান দুটি নিয়ে আমার একটি আরপিএম রেকর্ড বের হয়। মনে পড়ে, রেকর্ড করে গানটি আমি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে শোনাই। তিনি তখন বললেন, এ গানটি এখন যতটা জনপ্রিয়, ২৫ বছর পর তা আরও বেশি জনপ্রিয় হবে। গানটির বয়স আজ ৩৫ বছর। এখনো গানটি অনেক জনপ্রিয়।১০ মাস ১০ দিন করে গর্ভধারণকণ্ঠ: জেমসকথা ও সুর: প্রিন্স মাহমুদ‘১৯৯৭ সালে আমার মা মারা যান। তাঁর মৃত্যুর পর একটা শূন্যতা এসে ভর করল। চারদিকে কেবল মাকে খুঁজে বেড়াতাম। এ রকম একটা মানসিক কষ্টের ভেতরই “মা” গানটি লেখা।’—বলছিলেন প্রিন্স মাহমুদ।‘গানটি সুর করতে খুব বেশি সময় লাগেনি। অনেক ভেবে ঠিক করলাম, জেমস ভাইকে দিয়ে গানটি গাওয়াব। কারণ জেমস ভাইয়ের মাও নেই। রেকর্ডিংয়ে ভীষণ আবেগ দিয়ে জেমস ভাই গানটি গাইলেন। রেকর্ডিংয়ে বসেই মনে হচ্ছিল, গানটা ভালো হবে। প্রয়াত শব্দ প্রকৌশলী মবিন তখন আমার স্টুডিওতে ছিলেন। বললেন, জেমস ভাই যা গাইলেন। এই গান মানুষের ভালো না লেগে পারে না।’১৯৯৯ সালে এখনও দুচোখে বন্যা মিশ্র অ্যালবামে গানটি বের হয়। মবিনের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল। আমার জন্য ‘মা’ বিষয়টা খুবই স্পর্শকাতর। জেমস ও আমি দুজনই মাকে হারিয়েছি। তাই হয়তো দুজনের আবেগ এক হয়ে গিয়েছিল। এ কারণেই গানটি এত শ্রোতাপ্রিয় হয়েছে। অনেক শিল্পীই পরে আক্ষেপ করে বলেছেন, ইস, আমি যদি গানটা গাইতে পারতাম। এই যে একটা গান প্রায় সব শিল্পীর ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।ওই আকাশের তারায় তারায়কণ্ঠ: রাশেদকথা: আসিফ ইকবালসুর: শওকত আলী ইমনঅনেক দিন ধরেই মাকে নিয়ে একটা গান করব ভাবছিলাম। ২০০৬ সালের রমজান মাস। ভোরবেলা সেহরি খেয়ে মাত্র বসেছি। এমন সময় গীতিকার আসিফ ইকবালের ফোন এল। কান্নাভেজা কণ্ঠ। একটু ভয় পেয়ে গেলাম। কী হয়েছে—জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘১৪ বছর আগে এই দিনে মাকে হারিয়েছি। আজ প্রথমবার আমি মাকে স্বপ্নে দেখেছি। খুব খারাপ লাগছে।’ আমি কী বলব বুঝতে না পেরে চুপ করে থাকলাম। আসিফ ভাই বলে গেলেন, ‘মাকে ভেবে চারটা লাইন লিখেছি। শুনবি?’ তখন আসিফ ভাই চারটা লাইন শোনালেন। আমি বললাম, ভাই, আমি আপনার গানটা সুর করতে চাই।—বলছিলেন সুরকার শওকত আলী ইমন।আসিফ ভাই সম্মতি দিলেন। মাকে মনে করে আরও অনেক কথা বললেন আমাকে।পরদিন দুপুরে আসিফ ভাইয়ের ফোন। বললেন, তোর বাসায় আসছি ২০ মিনিটের মধ্যে। আমি তখন মাত্র ঘুম থেকে উঠেছি। চার লাইন তখনো সুর করা হয়নি। তাই হাত-মুখ ধুয়ে গিটার নিয়ে বসে পড়লাম। আসিফ ভাই আসতে আসতে আমার সুর করা শেষ। তিনি সুরটা শুনে বেশ পছন্দ করলেন। জিজ্ঞেস করলেন, কে গাইবে গানটা? তখন ক্লোজআপ ২০০৬-এর চূড়ান্ত পর্ব চলছে। গানটা রাশেদকে দিলাম। ক্লোজআপের ওই রাউন্ডটি যেদিন প্রচারিত হলো, সেদিন মা আমার সামনে ছিলেন। গানটা শেষ হলে আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘তুই অনেক বড় হবি বাবা।’ মায়ের সেই দোয়া পাওয়ার পর আমার আর কিছু পাওয়ার আছে বলে মনে হয় না।এই একটি গান গেয়েই রাশেদও বেশ পরিচিতি পায়।