'মিউজিক' নিয়ে 'দীপু' ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণ সাহা
অরুণ সাহা
দীপু চরিত্রে অরুণ
দীপু চরিত্রে অরুণ

দীপু নাম্বার টু সিনেমার কথা কি মনে আছে? মোরশেদুল ইসলাম পরিচালিত এই সিনেমায় দীপু চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা। অভিনয়ের সেই অরুণ এখন ব্যস্ত আছেন মিউজিক নিয়ে। বছর খানেক আগে গিয়েছিলেন আয়ারল্যান্ডে। সেখানকার ডাবলিন শহরের ‘নিউপার্ক মিউজিক সেন্টার’-এ দুই বছরের এক বিশেষ কোর্সের প্রথম বর্ষ শেষ করেছেন তিনি এরই মধ্যে। তাঁর পড়াশোনার বিষয় ‘বার্কলি ট্রাক’ (হায়ার সার্টিফিকেট অব মিউজিক)।
কোর্সের প্রথম বর্ষ শেষ করে অরুণ এখন দেশে। দিন কয়েকের মধ্যে আবার চলে যাবেন আয়ারল্যান্ড।
সংগীত বিষয়ে পড়াশোনা প্রসঙ্গে অরুণ বললেন, ‘শুরুটা অভিনয় দিয়ে হলেও আমার আগ্রহ মিউজিকের প্রতি। এ কারণে পড়াশোনা করা। বাকিটা পড়াশোনা শেষে বলতে পারব।’
১৯৯৫ সালে শুটিং হয়েছিল দীপু নাম্বার টু চলচ্চিত্রের। ওই বছর অরুণ ছিলেন অষ্টম শ্রেণির ছাত্র। পরের বছর মুক্তি পায় ছবিটি। সেটিই ছিল অরুণ সাহার প্রথম ও সর্বশেষ চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। এরপর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান। পড়াশোনা শেষে ভারত, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে চাকরিও করেছেন অরুণ। মাঝে একবার দেশে এসে বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।