বিলবোর্ড শীর্ষ ১০ রকগানের তালিকায় এ সপ্তাহে ষষ্ঠ স্থান দখল করে আছে মিউজের ম্যাডনেস। দীর্ঘ বিরতির পর এ বছর তারা অ্যালবাম বের করল। আজ আমরা ‘মিউজ’ ব্যান্ড দলটি নিয়ে কথা বলব।১৯৯৪ সালে কয়েকজন স্কুলছাত্র মিলে ইংল্যান্ডে ‘মিউজ’ ব্যান্ডটি গঠন করেছিল। তাঁদের মধ্যে ছিলেন ম্যাথিউ বেলামি, ক্রিস্টোফার ভোলস্টেনহোম ও ডমেনিক হোয়ার্ড। এই ব্যান্ড গড়ে তোলার আগে অবশ্য তাঁরা তিনজনই ভিন্ন তিনটি ব্যান্ডে কাজ করেছেন। ১৯৯০ সালের দিকে ম্যাথিউ বেলামি গিটারিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন ডমেনিক হোয়ার্ডের ব্যান্ডে। এরপর তাঁরা দুজন ক্রিস্টোফার ভোলস্টেনহোমকে প্রস্তাব দেন বেজ গিটার শেখার। ক্রিস্টোফার এর আগে ড্রাম বাজাতেন। তিনি দুই বন্ধুর ডাকে বেজ গিটার শেখা শুরু করলেন। দলের জন্য গান লেখার দায়িত্ব নিলেন বেলামি। এ সময় এই ব্যান্ডের অন্য সদস্যরা ব্যান্ড ছেড়ে যেতে শুরু করেন। তখন রইলেন বাকি তাঁরা তিনজনই। সে সময় তাঁদের ব্যান্ডের নাম চিল ‘গথিক প্লেগ’। তিন বন্ধু দলটির নাম বদলে রাখলেন ‘ফিক্সড পেনাল্টি’। ১৯৯৪ সালে আবার নাম বদল। এবার দলের নাম হলো, ‘রকেট বেবি ডলস’। স্থানীয় ব্যান্ডগুলোর মধ্যে যে প্রতিযোগিতা হয়, তাতে তাঁরা অংশ নিলেন এবং জিতলেন। এবং মজার নাকি অবাক হওয়ার মতো ব্যাপার, জয়লাভের পর তাঁরা তাঁদের সব বাদ্যযন্ত্র ভেঙে ফেলেন! তাঁরা এই কাজের ব্যাখ্যা হিসেবে জানান, এটা তাঁরা করেছিলেন প্রতিবাদ হিসেবে। তবে এই জয়ের ব্যাপারটা তাঁদের অনুপ্রেরণাও দিয়েছিল।এই জয় তাঁদের চমকেও দিল, দিল নিজেদের ওপর বিশ্বাস। এবার আরও বেশি করে তাঁরা আঁকড়ে ধরলেন সংগীতকে। এই প্রতিযোগিতার পর তাঁরা জলাঞ্জলি দিলেন পড়ালেখা, গানের প্রতি ঢেলে দিলেন প্রাণমন। এবার আবার তাঁরা দলের নাম পরিবর্তন করে রাখলেন মিউজ। এই নামেই এখন ব্যান্ড দলটি পরিচিত।কীভাবে মিউজ নামটি এল, তা নিয়েও রয়েছে একটি গল্প। ম্যাথিউ বেলামির শিল্পশিক্ষক স্যামুয়েল থিয়ন ‘মিউজেজ’ নামটি প্রস্তাব করেছিলেন। বেলামি সেটাকে সংক্ষিপ্ত করে মিউজ রাখেন। নামটি ছোট রাখার অন্যতম কারণ হলো, পোস্টারে সংক্ষিপ্ত নামটি দেখে চোখ জুড়িয়ে যাবে।এখন পর্যন্ত মিউজ ছয়টি অ্যালবাম বের করেছে।১. শোবিজ (১৯৯৯)২. অরিজিন অব সিমেন্ট্রি (২০০১)৩. অ্যাবসল্যুশন (২০০৩) ৪. ব্ল্যাক হোলস অ্যান্ড রিভিলেশনস (২০০৬) ৫. দ্য রেজিসটেন্স (২০০৯) ৬. দ্য সেকেন্ড ল (২০১২)মিউজ মূলত অল্টারনেটিভ রক ধারার গান করে। এর সঙ্গে স্পেস রক ও প্রগ্রেসিভ রকের সমন্বয় ঘটানো হয়েছে। বর্তমানে তাদের সংগীতধারায় ইলেকট্রনিক সংগীত, হার্ড রক, ধ্রুপদি সংগীত ও রক অপেরা যুক্ত হয়েছে। মিউজের সদস্যরা হলেন:ম্যাথিউ বেলামি: লিড ভোকাল, গিটার, কি-বোর্ডস, পিয়ানো, সিনথেসাইজারস (১৯৯৪ সাল থেকে)।ক্রিস্টোফার ভোলস্টেনহোম: বেজ গিটার, ব্যাকিং ভোকালস, হারমোনিকা (১৯৯৪ সাল থেকে)।ডমেনিক হোয়ার্ড: ড্রামস, পারকাশন (১৯৯৪ সাল থেকে)।অর্থাৎ এই তিনজন মিউজের শুরু থেকেই দলে আছেন। মিউজ অসংখ্য পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে পাঁচটি এনটিভি ইয়োরোপ অ্যাওয়ার্ড, পাঁচটি কিউ অ্যাওয়ার্ড, আটটি এনএমই অ্যাওয়ার্ড ইত্যাদি।রকগানের ভক্তদের কাছে মিউজের গান ভালো লাগবে। নতুন অ্যালবামটি এখন পর্যন্ত সফলভাবে শীর্ষ তালিকায় রয়েছে। মনোয়ারুল হক