মম। অভিনয়শিল্পী। অভিনয় করছেন টিভি নাটক আর চলচ্চিত্রে। আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পরিবার করি কল্পনা। এতে অভিনয় করেছেন তিনি।

পরিবার করি কল্পনা...
রেদওয়ান রনির সঙ্গে এটাই আমার প্রথম নাটক। নাটকের পুরো দলটাই বেশ স্বতঃস্ফূর্ত। খুব মজা করে কাজ করছি। নাটকে আমার চরিত্রে বৈচিত্র্য আছে। দরিদ্র পরিবারের একটা মেয়ের ঘটনাক্রমে ধনী ছেলের সঙ্গে বিয়ে হয়। এরপর ঘটে নানা ঘটনা।
আমার পরিবার, আমার কল্পনা...
পরিবার আমার কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা।
নতুন বছর, নতুন ছবি...
দারুচিনি দ্বীপ ছবির কাজ করেছিলাম ২০০৭ সালে। এবার আমার দ্বিতীয় ছবির কাজ শুরু করছি। ছবির নাম প্রেম করব তোমার সাথে। পরিচালক রকিবুল আলম। ছবিতে আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন আর জায়েদ খান।
১৩ থেকে ১৪...
২০১৩ সালে বেশ ভালো ভালো কাজ করেছি। নতুন ছবি হাতে নিয়েছি। বছরটা বেশ জম্পেশ কেটেছে। নতুন বছরে ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আরেকটু বড় ক্যানভাসে পৌঁছাতে চাই। শুধু ২০১৪ নয়, যত বছর বাঁচব, প্রতিটি বছরই দারুণ কাটুক—এমনটাই চাওয়া।
চির উন্নত ‘মম’ শির...
আমি অভিনয় করি ভালোবাসা থেকে। বিশ্বাস করি, কাজকে ভালোবাসলে তার প্রতিদানও পাওয়া যায়। যখন কষ্টের কাজের ভালো প্রতিফলন দেখতে পাই, তখন নিজেকে সার্থক মনে হয়।
আজব গুজব...
মিডিয়ায় কাজ করলে গুজব তো থাকবেই। এটাকে আমি খুব স্বাভাবিক চোখে দেখি। দর্শক আমাদের ভালোবাসেন, আমাদের নিয়ে ভাবেন। সেই ভাবনাই হয়তো কখনো কখনো সত্যকে ছাপিয়ে ডালপালা মেলতে থাকে। হাজার হাজার মানুষ আমাকে নিয়ে ভাবছেন, সেটাও তো মন্দ না।
মো. সাইফুল্লাহ