‘মিস্টার বিন’ সড়ক দুর্ঘটনায় আহত
‘মিস্টার বিন’ খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তেমন গুরুতর কিছু নয়। তাঁর কাঁধে সামান্য আঘাত লেগেছে। তিনি এখন হাসপাতালে আছেন।বিবিসির খবরে বলা হয়েছে, লন্ডনের ক্যামব্রিজশায়ারে অ্যাটকিনসন তাঁর ম্যাকলারেন এফ-১ মডেলের গাড়িতে করে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে গাড়িটি হাডনে পৌঁছার পর একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটি ল্যাম্প-পোস্টে লাগে এবং গাড়িতে আগুন ধরে যায়। তবে তিনি নিরাপদেই গাড়ি থেকে বেরিয়ে আসেন। অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করেন তিনি। ক্যামব্রিজশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের মুখপাত্র বলেন, রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অ্যাম্বুলেন্সে করে অ্যাটকিনসনকে পিটারবার্গ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, কাঁধে আঘাত পাওয়া একজনকে ওই হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।