‘মীরাক্কেল’ জামিলের ‘প্রেম কারে কয়’
ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর মধ্য দিয়ে রাতারাতি তারকা বনে যান বাংলাদেশের ছেলে মো. জামিল হোসেন। মজার মজার কৌতুক পরিবেশনের পাশাপাশি জামিলের কণ্ঠের লোকগান বিচারক থেকে শুরু করে দর্শক-শ্রোতাদের বেশ আকৃষ্ট করে। বিচারক ও বন্ধুমহলের সবার কাছ থেকে উত্সাহের পর জামিল গানের ব্যাপারে আলাদাভাবে ভাবতে থাকেন। এবার জামিলের সে ভাবনাটা বাস্তব রূপ পেতে যাচ্ছে। কাজ শুরু করছেন প্রথম একক গানের অ্যালবামের। জামিলের প্রথম একক গানের অ্যালবামের নাম রাখা হয়েছে ‘প্রেম কারে কয়’। তানভীর তারেকের সুর ও সংগীতে অ্যালবামটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।গানের অ্যালবামের ব্যাপারে প্রথম আলো ডটকমকে জামিল বলেন, ‘আমি আসলে অশিক্ষিত একজন শিল্পী। বাবা হাসমত উল্লাহ সিলেট বেতারের কাওয়ালি গানের শিল্পী হওয়ার কারণে খুব সহজে সুর ও অসুরের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করেছি। মূলত বাবার কারণেই গানের প্রতি আগ্রহটা তৈরি হয়।’জামিল আরও বলেন, ‘বাবা-মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন আর মীরাক্কেল ও শুভঙ্কর দা আমাকে দিয়েছেন অন্য এক জীবন। মীরাক্কেলে অংশ নিয়ে আমি আজ আমার স্বপ্নপূরণের পথে হাঁটছি। মীরাক্কেলের সময়ে তিন বিচারকের অন্যতম অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় আমাকে গানের ব্যাপারে অনেক বেশি উত্সাহ দিতেন। তাঁদের উত্সাহ আরও আমার স্বপ্নের বাস্তব রূপ পেতে যাচ্ছে ভেবে খুবই ভালো লাগছে।’‘প্রেম কারে কয়’ অ্যালবাম সম্পর্কে জামিল বলেন, ‘পুরো অ্যালবামটি হবে মৌলিক গানের। এতে মোট গান থাকবে আটটি। মীরাক্কেলের মধ্য দিয়ে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, অ্যালবামটি মাধ্যমেও তা ধরে রাখতে চাই।’এদিকে অ্যালবামের কাজ ছাড়া নাটক ও চলচ্চিত্রেও ব্যস্ত হচ্ছেন জামিল। এ সপ্তাহে তিনি কাজ করবেন একটি এক ঘণ্টার নাটকের। এ ছাড়া পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন জামিল।