'মীরাক্কেল' তারকাদের সঙ্গে এক বিকেলে

‘বাঙালিরা কেমন হয়?’
শিল্পকলা একাডেমির মাঠে ঘিরে ধরা দর্শকদের উদ্দেশে প্রশ্নটা করলেন এমদাদুল হক। দর্শকেরা এপাশ-ওপাশ করলেন মাথা।
উত্তরটা দিলেন এমদাদ নিজেই। ‘আপনি যদি একজন বিরল বাঙালি হন, তা হলে টুথপেস্ট শেষ হয়ে গেলে আপনি ওটা ফেলে দিয়ে নতুন টুথপেস্ট কিনে নিয়ে আসবেন। আপনি যদি একজন সাধারণ বাঙালি হন, তা হলে টুথপেস্ট শেষ হয়ে গেলে সেটার প্যাকেটের মাঝ বরাবর কেটে পেস্ট বের করে ব্যবহার করা শুরু করবেন। আপনি যদি একজন টিপিকাল মিডল ক্লাস বাঙালি হন, তা হলে টুথপেস্টের প্যাকেটের মাঝখান দিয়ে কেটে ব্যবহার করা শেষ হলে প্যাকেটের মুখের অংশ কেটে টুথব্রাশটা ভেতরে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টুথপেস্ট বের করে ব্যবহার করা শুরু করবেন।’
কৌতুকটা শেষ হতেই হাততালি আর হাসির রোল পড়ে গেল। এমদাদ সবে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন–৯’-এ অংশ নিয়ে দেশে ফিরেছেন। এমনিতেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী লোকজনের লাইনটা বেশ লম্বা। আবার সরাসরি তাঁর মুখ থেকে শোনা কৌতুকের শ্রোতাদের ভিড় তো রয়েছেই। এমদাদ ভেবেছিলেন, খুব হালকা মেজাজে এক বিকেল একটু আড্ডা দেবেন। কিন্তু না, শিল্পকলা একাডেমির মাঠের সেই খোশমেজাজের আড্ডা মুহূর্তেই যেন ‘মীরাক্কেল’-এর একটা পর্বের মতো জমে উঠল।
কথা ছিল, টিভি শো মীরাক্কেলে বিভিন্ন সময়ে অংশ নেওয়া বাংলাদেশি কৌতুকাভিনেতাদের একটা মিলনমেলা বসবে। এই মিলনমেলার আয়োজন করেছিল মীরাক্কেলজয়ী আবু হেনা রনির গড়া সংগঠন বুনো পায়রা ও ঢাকা কমেডি ক্লাব। কিন্তু শুরু থেকেই এ আয়োজন মিলনমেলার ছাঁচ থেকে বেরিয়ে কৌতুক পরিবেশনার মঞ্চ হয়ে উঠল। ফাঁকা মাঠের সবুজ ঘাসে গোল হয়ে বসেই দর্শকেরা উপভোগ করেছেন সেই আয়োজন। উপস্থাপনায় ছিলেন রনি নিজেই। ছিল উপস্থিত দর্শকদের কৌতুক পরিবেশনার সুযোগও।
অনুষ্ঠানে একে একে হাজির হয়েছিলেন মীরাক্কেলে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিযোগী শাওন মজুমদার, শাহজাদা শাহেদ, তৌহিদ, ইমরান, সাইফুল ইসলাম, পরশ। অনুষ্ঠানের এক ফাঁকে এবারের আসরের এমদাদকে সংবর্ধনাও দেওয়া হয়। সবশেষে সবার জন্য ছিল কাঁঠাল আর মুড়ি খাওয়ার ব্যবস্থা।