'মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উদ্বোধন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সদস্যরা
বেলুন উড়িয়ে ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উদ্বোধন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সদস্যরা

‘নতুন যুগ, নতুন প্রযুক্তি, নতুন সবকিছু। এই সময়ে এসেও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম তাদের প্রতিবাদী অবস্থানটি ধরে রেখেছে। এই ফোরাম শুধু চলচ্চিত্র নির্মাণ বা উৎসবের প্ল্যাটফর্ম নয়, এটি একই সঙ্গে বাঙালির একটি সাংস্কৃতিক আন্দোলনও বটে। মুক্ত চলচ্চিত্র মানেই মুক্ত প্রকাশ।’ শুক্রবার বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উদ্‌যাপন করছে তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে স্মৃতিচারণা পর্বে এমন মন্তব্য করেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।
মূল ধারার বাণিজ্যিক চলচ্চিত্রে ‘বিরক্ত’ দর্শককে ‘সুষ্ঠু ও শিল্পবোধসম্পন্ন’ সিনেমার স্বাদ এনে দিতে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের জাতীয় সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালের ২৪ আগস্ট। চলতি বিশ্বের সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক নানামুখী সমস্যা, সমাধানের অন্তরায়, আর উদ্যমী তারুণ্যের গল্প উঠে এসেছে ফোরামের সদস্য তথা বিকল্পধারার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রে।
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ শিরোনামে প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্রের অগ্রজ নির্মাতারা। পরে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক স্মৃতিচারণা পর্বে অংশ নেন তাঁরা।
অনুষ্ঠানের স্মৃতিচারণা পর্বে বিকল্প ধারার চলচ্চিত্র উৎসবের নামে ‘হঠাৎ নেতা বনে যাওয়া’ কতিপয় চলচ্চিত্রকারদের প্রতি বিষোদ্‌গার করেন তানভীর মোকাম্মেল। বলেন, ‘উৎসব আয়োজনের নামে আমরা যেন কোনোভাবেই করপোরেট পুঁজির দাস না হয়ে পড়ি, সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যেই কাউকে দেখি, পরিপাটি হয়ে মন্ত্রণালয়ে ঘোরাফেরা করেন, পুরস্কার, অনুদান নিয়ে দেনদরবার করেন। উৎসব আয়োজনকে ইস্যু করে নেতা বনে যেতে চান। চলচ্চিত্র সংগঠনকে পরে রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলেন। এঁদের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি।’
চলচ্চিত্রকার-শিক্ষক ও শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন রাজু বলেন, ‘ফোরামের মাধ্যমে আমরা স্বল্পদৈর্ঘ্য ছবির আন্দোলনটি ছড়িয়ে দিয়েছি দেশ-বিদেশে। অসম্ভব কঠিন জেনেও পুঁজি আর প্রতিষ্ঠানের বাইরে গিয়ে নিজের মতো করে ছবি নির্মাণ করছি আমরা।’ আলোচনা পর্বে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার ও শিক্ষক মানজারেহাসীন মুরাদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মোরশেদুল ইসলাম ও জাহিদুর রহিম অঞ্জন, নির্মাতা দেওয়ান শামসুর রাকিবসহ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বরা।
আলোচনা পর্বে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাণিজ্যিক সিনেমাতে ‘অবাস্তবতা ও স্থূল রুচি’ এতটাই প্রাধান্য পেয়েছে যে শিল্পমাধ্যম চলচ্চিত্রের সামাজিক-নান্দনিক ভূমিকা নিয়ে দর্শকমনে ‘বিরূপ প্রতিক্রিয়া’ তৈরি হয়েছে। মানজারেহাসীন মুরাদ বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের দুরবস্থায় শক্তিশালী ও শিল্পসম্মত চলচ্চিত্র উপহারের অঙ্গীকার নিয়ে তখন আবির্ভূত হয় শর্ট ফিল্ম ফোরাম। সে সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলনও গড়ে তুলেছিল তারা।’ মোরশেদুল ইসলাম বলেন, ‘আজকে যারা বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণ করছেন, তাঁদের অনেকেই কিন্তু শর্ট ফিল্ম ফোরামের সঙ্গে সম্পৃক্ত নন। তবে তাঁরা কোনো না কোনোভাবে এই আন্দোলনটি দ্বারা প্রভাবিত।’ আলোচনা পর্বে বক্তারা জানান, স্বল্পদৈর্ঘ্য আন্দোলনের মূল লক্ষ্য ও আদর্শ হচ্ছে ‘সৎ-সুস্থ ও প্রগতিশীল চলচ্চিত্র ধারাকে সমুন্নত রেখে কুরুচিপূর্ণ বাণিজ্যিক চলচ্চিত্রের অনুপ্রবেশ প্রতিরোধ করা’।
তখন থেকেই ‘বাণিজ্যসর্বস্ব’ চলচ্চিত্রের বিরুদ্ধে একটি শক্তিশালী প্ল্যাটফরম হিসেবে দাঁড়িয়ে ফোরামের সদস্যরা জানালেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের অভিন্ন সমস্যাগুলো নিরসনের জন্য ‘সক্রিয় ভূমিকা’ পালন করছেন তাঁরা।
একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিকল্প প্রদর্শনের ব্যবস্থা করা, বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, গণতান্ত্রিক উপায়ে অধিকার আদায় আন্দোলনের সঙ্গে সংহতি ইস্যুতেও কাজ করছে শর্ট ফিল্ম ফোরাম।
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের তৃতীয় পর্বে শুক্রবার বিকেলে ‘স্বাধীন ধারার চলচ্চিত্রের তিন দশক : সাফল্য, ব্যর্থতা’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।