'মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ'-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

মুক্তিযুদ্ধবিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ চালু হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আর্কাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শহীদজায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী আর্কাইভের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭৫ সাল–পরবর্তী সময়ে সামরিক শাসক মেজর জিয়াউর রহমানের মাধ্যমে ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তা থেকে জাতি আজও সম্পূর্ণ মুক্ত নয়। জাতিকে মুক্তিযুদ্ধের চেতনাহীনতার এই অন্ধকার থেকে বের করে আনতে ‘মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন চৌধুরী, সাংবাদিক ও লেখক মোস্তফা হোসেইন, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার, মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের সভাপতি শান্তা আনোয়ার ও ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন।

আর্কাইভ সূত্র জানায়, এই আর্কাইভে প্রায় চার হাজার মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন দলিল, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের উল্লেখযোগ্য ঘটনার পেপারকাটিং, মুক্তিযোদ্ধাদের গেজেট, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র, ভিডিও ফুটেজ ও প্রায় পাঁচ হাজার আলোকচিত্র আছে। এই আর্কাইভ সবার জন্য উন্মুক্ত। বিনা মূল্যে যে কেউ এই আর্কাইভ থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ব্রাউজ করার ঠিকানা: (www.liberationwarbangladesh.org)