হূদি হক। অভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক। পারিবারিকভাবে অনেক আগেই যুক্ত হয়েছেন মঞ্চ আর টিভির সঙ্গে। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ১৯৭১ সেইসব দিনগুলো। নাটকটির নাট্যকার ও পরিচালক তিনি।

‘১৯৭১ সেইসব দিনগুলো’, এই সব দিনগুলো...
নাটকটির শুটিং শুরু করেছিলাম গত বছরের ডিসেম্বরে। এ বছর যখন নাটকটির প্রচার শুরু হলো, হিসাব করে দেখলাম, কাজটি শেষ করতে আমাদের নয় মাস সময় লেগেছে। আমরা প্রচুর গবেষণা করেছি। কোথাও এতটুকু ছাড় দিইনি। মুক্তিযুদ্ধের নয় মাসের কষ্ট নিঃসন্দেহে অবর্ণনীয়। নয় মাসে আমরা মুক্তিযুদ্ধের সেই নয় মাসকে ছুঁতে চেষ্টা করেছি।
কে বলেছে মুক্তিযুদ্ধ দেখিনি?
আমি সব সময় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ দেখেননি এমন বাঙালি নেই। আমাদের বোধে, চেতনায়, কল্পনায় আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি।
নাটকের সঙ্গে বসবাস...
একটি কথা আমি মাঝে মাঝে বলি, ভ্রূণ থাকা অবস্থায় এই শিল্পে আমার যাত্রা শুরু। আমি যখন ভ্রূণ ছিলাম, তখনো কিন্তু মা (লাকী ইনাম) মঞ্চে শো করেছেন। বন্ধুরা যখন কানামাছি, লুকোচুরি খেলত, আমি তখন ‘থিয়েটার গেম’ খেলতাম। মঞ্চেই আমার বেড়ে ওঠা।
আমার লেখালেখির চরিত্রগুলো...
একজন লেখক যখন একেকটি চরিত্র তৈরি করেন, তাঁর নিজস্ব কল্পনার জগৎ থেকেই করেন। একই সঙ্গে আমরা আশপাশে যা দেখি, যা পড়ি, যেসব চরিত্রের কথা শুনি, সেগুলোও প্রভাবিত করে। তাই চরিত্রগুলো আসলে আমাদের আশপাশের চরিত্রের প্রতিফলন।
পরিচালনার ক্ষেত্রে অনুপ্রেরণা...
প্রতিটি ভালো কাজই একেকটি অনুপ্রেরণা। যখন ভালো কোনো মঞ্চনাটক, টিভি নাটক কিংবা চলচ্চিত্র দেখি, আমার মনে হয়, কেউ যেন আমাকে না ডাকে। আমি যেন পুরোটা দেখে শেষ করে উঠতে পারি। সেই সঙ্গে আমার নিজেরও ভালো কাজ করার আগ্রহ তৈরি হয়। মনে হয়, আমিও এমন নাটক লিখব, তৈরি করব, যেন তা দেখা শেষ না করে দর্শক উঠতে না পারে।
মো. সাইফুল্লাহ