'মুখ ও মুখোশ' পরিচালকের জন্মশতবর্ষ
বাংলাদেশের প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক আবদুল জব্বার খানের শততম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ছয় দিনের এক উৎসবের আয়োজন করেছে এই চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উত্সব উদ্যাপন কমিটি। আজ সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের উদ্বোধন করবেন নায়ক রাজ্জাক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
ছয় দিনের এই উৎসবে থাকবে আবদুল জব্বার খানের ছবিগুলো। কাল রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় দেখানো হবে যথাক্রমে মুখ ও মুখোশ, জোয়ার এলো, বাঁশরী, কাঁচ কাটা হীরে ও খেলাঘর। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ছয়টার এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হান কালার ল্যাব ভিআইপি মিলনায়তনে উৎসব উদ্যাপন কমিটি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আবদুল জব্বার খানের বড় ছেলে ইসমত হায়াত খান। সে সময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সিবি জামান, বাংলাদেশ ফিল্ম এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা, চিত্র পরিচালক শাহীন মাহমুদ, চলচ্চিত্র গবেষক শামসুল আলম প্রমুখ।