‘মুজরা’ নাচবেন ঋতুপর্ণা
নাচের প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। ছবিতে অভিনয়ের সুবাদে অনেক ধরনের নাচের দৃশ্যেই অংশ নিয়েছেন তিনি। কিন্তু আজ অবধি কোনো ছবিতে মুজরা নাচের সুযোগ হয়নি তাঁর। এবার হারানাথ চক্রবর্তীর ‘ছায়াময়’ ছবিতে সেই মুজরা নাচের সুযোগ হাতে এসেছে তাঁর।আর এ ধরনের নাচের দৃশ্যের প্রস্তাব পেয়ে বিনা বাক্য-ব্যয়ে কাজটি করতেও রাজি হয়ে গেছেন চল্লিশে পা দেওয়া টালিউডের এ তারকা।‘এই প্রথম কোনো ছবির গানে মুজরা নাচব। ঐতিহ্যবাহী মুজরা নাচের ঢঙেই গানটির কোরিওগ্রাফি করা হয়েছে। এই গানে আধুনিক ধারার কোনো নৃত্যভঙ্গি যুক্ত করা হয়নি। গানটির দৃশ্যে দেখা যাবে, রাজার দরবারে আমি মুজরা নাচছি।’ ঋতুপর্ণার উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে টিওআই।ঋতুপর্ণা আরও বলেছেন, ‘ছবিটির পরিচালক হারানাথ চক্রবর্তীর সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আমরা একাধিক হিট ছবি উপহার দিয়েছি দর্শকদের। তাঁকে আমি খুবই পছন্দ করি। ছায়াময় ছবির অতিথি চরিত্রের জন্য তিনি যখন আমাকে প্রস্তাব দিলেন, আমি না বলতে পারিনি। বর্তমানে শিশুদের জন্য খুব কম ছবি তৈরি হচ্ছে। তার পরও হারাদা এ ধরনের ছবি তৈরির উদ্যোগ নেওয়ায় তাঁকে ধন্যবাদ। আর তাঁর এ উদ্যোগে আমাকে শামিল করায় আমি অনেক খুশি।’