
বাক্যগুলো চেনা। শুনতে কবিতার মতো। ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’—সেই অমর ঘোষণায় গমগম করে উঠল জাতীয় নাট্যশালার সুপরিসর মিলনায়তন। প্রতীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। নেপথ্যে তাঁর সেই অননুকরণীয় বজ্রকণ্ঠ। মঞ্চের আশপাশ যেন তখন রেসকোর্স, দর্শকেরা হারিয়ে গেছেন সেই সাতই মার্চের আবহে। গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হওয়া নাটক মুজিব মানে মুক্তির শততম প্রদর্শনীর সময় এমনই দৃশ্য দেখা গেল।
শিল্পকলা একাডেমীর আয়োজনে লিয়াকত আলীর নির্দেশনায় লোক নাট্যদল এটি মঞ্চস্থ করে।
নাটকের শুরুতে নেপথ্যে বাজতে থাকা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চ ঘুরে বেড়ান শিশু মুজিব। এভাবে গল্প এগিয়ে যায়। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে একে একে ছয় দফা, ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা উপস্থাপিত হলো। তারপর মহাকাব্যিক সাতই মার্চ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা ছাড়াও মুক্তিযুদ্ধ-পরবর্তী বঙ্গবন্ধুকেও তুলে আনা হলো।
এ নাটকে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন পর্ব ও জীবনাবসান পর্যন্ত ঘটনাপ্রবাহ কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হিংস্রতার চিত্রও তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেছেন প্রায় ৫০ জন নাট্যকর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্রটি ছাড়া কলাকুশলী সবাই কালো পোশাকে অভিনয় করেছেন।
গতকাল শততম প্রদর্শনীর আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা। লিয়াকত আলীর সভাপতিত্বে এতে অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, গোলাম কুদ্দুছ ও আখতারুজ্জামান। বক্তারা মুজিব মানে মুক্তি প্রযোজনাটিকে একটি আবেগাশ্রিত কাব্যিক শিল্প উপস্থাপন বলে মন্তব্য করেন।